মুক্তি পেল 'বসগিরি'র টাইটেল গান

ঈদের সম্ভাব্য ছবি মুক্তির তালিকায় আছে শাকিব-বুবলি জুটির ‘বসগিরি’। তার আগেই মুক্তি পেল এই ছবির টাইটেল গান। গতকাল রোববার রাতে ‘যেখানে বস, করবি না ক্রস’ শিরোনামের এই গানটি ইউটিউব চ্যানেল ললিপপ-এ মুক্তি পেয়েছে।
ছবির পরিচালক শামীম আহমেদ জানান, টাইটেল গানের কথা ও সুরের মাধ্যমে পুরো ছবির আবহকে তুলে ধরা হয়েছে। ছবি মুক্তির আগে গানটির মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা ছবিটি সম্পর্কে একটা ধারণা পাবেন। তিনি বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। কলকাতা থেকে ছবির সবগুলো গানের কালার কারেকশন করে গতকাল ফিরেছি। শিগগিরই ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সরে জমা দেওয়া হবে।’
ছবির নায়ক শাকিব খান বলেন, ‘এই ছবির গান, গল্প এবং বাজেট কোনোটার ব্যাপারে কোনো আপস করা হয়নি। সবগুলো গানের দৃশ্যধারণ থাইল্যান্ডের একাধিক মনোরম লোকেশনে করা হয়েছে। সে ক্ষেত্রে গানগুলোর চিত্রায়ণে থাকছে অনেক বেশি নতুনত্ব।’
পরিচালক জানান, টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন শত্রুজিৎ। লেখাও তাঁর। সংগীত পরিচালনা করেছেন ডাব্বু ঘোষাল।