মুক্তি পেল'ভুবন', 'পবিত্র প্রেম' ও'ইচ্ছে ডানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভুবন’, ‘পবিত্র প্রেম’ এবং‘ইচ্ছে ডানা’ অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে অ্যালবামের শিল্পী ও অতিথিবৃন্দ
‘ভুবন’, ‘পবিত্র প্রেম’ এবং‘ইচ্ছে ডানা’ অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে অ্যালবামের শিল্পী ও অতিথিবৃন্দ

ঈগল মিউজিকের ব্যানারে মুক্তি পেল এই ঈদের অন্যতম তিন তারকা অ্যালবাম। অ্যালবাম তিনটি হলো বালামের বহুল প্রতীক্ষিত একক অ্যালবাম ‘ভুবন’, শ্রোতা কাঙ্ক্ষিত শফিক তুহিনের একক ‘পবিত্র প্রেম’ এবং জে কে-র তারকাবহুল মিশ্র অ্যালবাম ‘ইচ্ছে ডানা’।

আসছে ঈদের অন্যতম এই তিন অ্যালবাম প্রকাশ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় জমকালো প্রকাশনা উত্সবের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসান মতিউর রহমান, আসিফ আকবর, মিলন মাহমুদ, প্রতীক হাসান, ইমরান সহ আরও অনেকে।

আইয়ুব বাচ্চু অ্যালবাম তিনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘অডিও ইন্ডাস্ট্রির চলমান দুঃসময়ে ঈগল মিউজিক বড় মাপের তিনটি অ্যালবাম সাহস করে প্রকাশ করেছে। এর জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানটির কর্ণধার কচি আহমেদকে। একই সঙ্গে শুভকামনা থাকল আমার খুব পছন্দের তিনজন মিউজিক-যোদ্ধা বালাম, তুহিন ও জেকে-র প্রতি। আমার বিশ্বাস ঈগলের ডানায় চেপে অডিও ইন্ডাস্ট্রি আবার জেগে উঠবে। যদি এই প্রকাশনার ধারা অব্যাহত রাখেন তাঁরা, আর যদি কোনো অর্বাচীন ডটকমে গানগুলো ফ্রি ডাউনলোড করার সুযোগ না থাকে। কারণ এই “ফ্রি ডটকম” কালচারই আমাদের অডিও ইন্ডাস্ট্রিকে ডুবিয়েছে।’

আইয়ুব বাচ্চু উপস্থিত অডিও প্রযোজকদের উদ্দেশে বলেন, যত দ্রুত সম্ভব প্রযোজক-শিল্পীদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে একটি স্পষ্ট সমাধানে আসতে।

এদিকে নতুন অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে বালাম বলেন, ‘প্রায় তিন বছর অপেক্ষা করেছি এই অ্যালবামটির প্রকাশের জন্য। এর মধ্যে শ্রোতারা আমার ওপর রাগও করেছেন। আশা করছি সেই রাগের প্রতিদান দিতে পারব গানগুলো শুনিয়ে।’ শফিক তুহিন বলেন, ‘আমি চেষ্টা করেছি এই অস্থির সময়ে কিছু স্থিরতার গান করতে। মানুষের মনে গানে গানে কিছু পবিত্র বাতাস দিতে।’

জে কে বলেন, ‘এক অ্যালবামে অনেক রকমের তারকা শিল্পীর সম্মিলন এখন আর দেখা যায় না। সেই অভাব বোধ থেকেই আমি এই অ্যালবামটির আয়োজন করেছি। আশা করছি তারকাবহুল মিশ্র অ্যালবামের চলমান ঘাটতি পূরণ করবে আমার “ইচ্ছে ডানা”।’

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত অ্যালবাম বালামের ‘ভুবন’-এ রয়েছে মোট ১২ গান। যার বেশির ভাগই মেলোডি-নির্ভর। এর মধ্যে সফট রক এবং সুফি ঘরানার গানও রয়েছে। ‘ভুবন’-এর আটটি গান লিখেছেন জাহিদ পিন্টু। বাকি গানের কথাসহ সব কটি গানের সুর-সংগীতায়োজন করেছেন বালাম নিজেই।

অন্যদিকে শফিক তুহিনের ‘পবিত্র প্রেম’-এর সব কটি গানের কথা-সুর শফিক তুহিন নিজেই করেছেন। আর গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার ও রাফি। দুটি দ্বৈত গান রয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি অন্যটিতে লাবণ্য। এ ছাড়া এই ঈদের সর্বাধিক তারকা শিল্পীর সমন্বয়ে গড়া অ্যালবাম ‘ইচ্ছে ডানা’, যার সব কটি গানের সুর-সংগীতায়োজন করেছেন জে কে। কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, কনা, ন্যান্সি, শফিক তুহিন, শহীদ, মারিয়া, কাজী শুভ, জেকে, মুক্তি, তানভীর শাহীন, মোহানা এবং চৈতি। মোট ১২টি ভিন্ন ভিন্ন স্বাদের গান রয়েছে এই তারকাবহুল মিশ্র অ্যালবামে।