মুক্তি মিলছে না জন লেননের খুনির (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮০ সালে বিটলস তারকা জন লেননকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিলেন মার্ক ডেভিড চ্যাপম্যান। ওই অপরাধের সাজা হিসেবে নিউইয়র্কের একটি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। কারাগারে ভালো আচরণের জন্য চ্যাপম্যান প্রশংসিত হলেও, তাঁকে প্যারোলে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে তিন সদস্যের প্যারোল বোর্ড। এ নিয়ে সপ্তমবারের মতো চ্যাপম্যানের প্যারোলে মুক্তির বিষয়টি প্রত্যাখ্যাত হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কারেকশনসের পক্ষ থেকে লিখিত বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, কারাগারে ভালো আচরণের পাশাপাশি শিক্ষামূলক ও বিভিন্ন প্রশিক্ষণ অর্জনের ক্ষেত্রেও সাফল্য দেখিয়েছেন চ্যাপম্যান। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্যারোল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এ সবকিছু সত্ত্বেও ৫৭ বছর বয়সী চ্যাপম্যানকে মুক্তি দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। কারণ, বিনা উসকানিতে, ছক কষে এবং ঠান্ডা মাথায় খুনের মতো জঘন্য অপরাধ ঘটিয়েছেন তিনি।’ উল্লেখ্য, ১৯৮০ সালের ৮ ডিসেম্বর রাত ১০টা ৫০ মিনিটের দিকে নিউইয়র্কে অবস্থিত অ্যাপার্টমেন্টে ফিরছিলেন লেনন ও তাঁর স্ত্রী ইয়োকো ওনো। সে সময় লেননের পেছন দিক থেকে পরপর চারবার গুলি করেন চ্যাপম্যান। দ্রুত লেননকে স্থানীয় রুজভেল্ট হাসপাতালে নেয়া হলে রাত ১১টা ৭ মিনিটে মৃত ঘোষণা করা হয় তাঁকে।