মুক্তিযুদ্ধ অনিঃশেষ চল্লিশে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধ অনিঃশেষ, চল্লিশে বাংলাদেশ’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্বাধীনতা উৎসবের গতকাল ছিল শেষ দিন। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল জনসমাগম হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সব শহীদ ও মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। সমাপনী দিনের অনুষ্ঠানের শুরুতেই শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর পরিবেশন করে গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। এরপর সংগঠনের খুদে শিল্পীরা ‘হূদয়ে আমার বাংলাদেশ’ ও ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিব’ গানের তালে নৃত্য পরিবেশন করে। এরপর নিরঞ্জন অধিকারীর পরিচালনায় আবৃত্তি সংগঠন চারুকণ্ঠ পরিবেশন করে ‘তোমরা সবাই ফিরে এসো’। সংগীত সংগঠন ধ্রুবতান পরিবেশন করে ‘মুক্ত করো ভয়’ ও ‘আজি বাংলাদেশের হূদয় হতে’। দৃষ্টি পরিবেশন করে ‘কোটি প্রাণ বাঙালির মুক্তিবাহিনী’, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এ বাংলাদেশ’ ও ‘ত্রিশ লক্ষ জীবন দিয়ে আনছি স্বাধীনতা’। ঋষিজ পরিবেশন করে ‘যে ইতিহাস রচি আমি, রক্তে কেনা বাংলা’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘মানব না বন্ধন, মানব না শৃঙ্খল’ ও ‘ভয় কি মরণে’। একক সংগীত পরিবেশন করেন সমর বড়ুয়া ও শিবু রায়। একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম। দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা। পথনাটক পরিবেশন করে দ্যাশ বাংলা থিয়েটার ও থিয়েটার আরামবাগ। ধানমন্ডির রবীন্দ্রসরোবরেও জোটের আয়োজন ছিল।