মুক্তিযুদ্ধ এবং রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথের গান যে আন্দোলনে প্রথমবারের মতো বাঙালিকে অনুপ্রাণিত করে তা হচ্ছে স্বদেশি আন্দোলন। এর পর থেকে বাঙালির প্রতিটি আন্দোলনে রবীন্দ্রনাথের গান ছিল অন্যতম অনুপ্রেরণার উৎস। একাত্তরের মুক্তিযুদ্ধও তার ব্যতিক্রম নয়।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত আলোচনায় ‘মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথ’ শীর্ষক মূল প্রবন্ধে এভাবেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক সাইম রানা। গতকাল শনিবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশ্বজিৎ ঘোষ। বিভাগীয় প্রধান কুহেলী ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের ডিন সদরুল আমিন। স্বাগত বক্তব্য দেন সংগীত বিভাগের শিক্ষক শাহ্নাজ নাসরিন।দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন বিভাগীয় শিক্ষার্থীরা। গানের পালা শুরু হয় দলীয় কণ্ঠে ‘আজি বাংলাদেশের হূদয় হতে’ পরিবেশনার মধ্য দিয়ে। এ ছাড়া শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে ‘এখন আর দেরি নয়’ ও ‘বাঁধ ভেঙে দাও’ পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন নাইমা ইসলাম, লুৎফর মোরশেদ চৌধুরী, শুভ্রা বৈদ্য, মেহফুজ আল ফাহাদ ও জয়ন্ত আচার্য। তাঁরা ‘ও আমার দেশের মাটি’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘যে তোরে পাগল বলে’, ‘আমরা মিলেছি আজ’, ‘নাই ভয় নাই ভয়’ প্রভৃতি গান গেয়ে শোনান।