মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনাদের ব্যাপারে জয়ার আগ্রহ
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনাদের ঘটনা জানার জন্য দারুণ আগ্রহী জয়া বচ্চন। ১৯৭১ সালে পত্রিকা, টিভির খবর এবং পরিচিতজনদের কাছ থেকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে জানতে পেরেছিলেন। তবে তা ছিল মূল ঘটনার তুলনায় কিছুই না। ওই সময়ের বাংলাদেশ এবং এখানকার মানুষের ব্যাপারে জানার সেই আগ্রহটা তাঁর এখনো রয়ে গেছে। তাই তো মেহেরজান ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে মুহূর্তেই রাজি হয়ে যান।’ বললেন মেহেরজান ছবির পরিচালক রুবাইয়াত হোসেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চলচ্চিত্র পরিচালনার ওপর পড়াশোনা করেছেন তিনি। তৈরি করেছেন কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারই প্রথম তৈরি করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—মেহেরজান। একজন বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর গল্প নিয়ে ছবির কাহিনি। নাম ভূমিকায় অভিনয় করেছেন জয়া বচ্চন।গত বুধবার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আর তা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি।রুবাইয়াত হোসেন জানান, ‘মেহেরজান’ চরিত্রটির জন্য ঢাকার দুজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পীকে ভাবা হয়েছিল। তাঁদের একজন তখন কানাডায় চলে যান, অন্যজন নানা কারণে ছিলেন খুবই ব্যস্ত। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনদের প্রতিষ্ঠান এবিসিএলের ঠিকানা সংগ্রহ করে যোগাযোগ করা হয়। ছবির চিত্রনাট্য ও প্রাসঙ্গিক নানা তথ্য পাঠানো হয় সেখানে। প্রাথমিকভাবে বিবেচিত হওয়ার পর এবিসিএল কর্তৃপক্ষ রুবাইয়াতকে আমন্ত্রণ জানান। ২০০৯ সালের মার্চে সেখানে এবিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা উইং কমান্ডার (অব.) রমেশ কুলা পাকার সঙ্গে রুবাইয়াত সাক্ষাৎ করেন। এরপর জুন মাসে জয়া বচ্চনের সঙ্গে কথা বলার সুযোগ পান রুবাইয়াত। ছবির স্ক্রিপ্ট, মুক্তিযুদ্ধ, ওই সময়ের কথা, বীরাঙ্গনাদের বর্তমান অবস্থা—এমনি নানা বিষয় নিয়ে পুরো এক ঘণ্টা আলোচনা হয় তাঁদের মধ্যে। জয়া বচ্চন চরিত্রটিতে কাজের ব্যাপারে রাজি হন। এরপর নভেম্বর মাসে শুটিংয়ের জন্য সাত দিনের সময়ও দেন। এভাবেই মেহেরজান ছবিতে জয়া বচ্চনের কাজ করার ব্যাপারে রাজি হওয়ার গল্প বললেন রুবাইয়াত। মেহেরজান ছবিতে কাজ করার জন্য গত বছরের ২১ নভেম্বর ঢাকায় আসেন জয়া বচ্চন। শর্ত অনুযায়ী তাঁর আসার ব্যাপারে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হয়। এরপর বনানীতে শিল্পপতি আবুল খায়ের লিটুর বাসায় ২২ থেকে ২৯ নভেম্বর শুটিংয়ে অংশ নেন তিনি।জয়ার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে রুবাইয়াত বললেন, ‘প্রতিদিন সকালে আমরা এক থেকে দুই ঘণ্টা বসতাম। স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতাম। তিনি তখন মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রশ্ন করতেন। আমার কাছ থেকে শুনে মাঝেমধ্যে কষ্ট পেতেন। কিছুক্ষণ চুপ করে বসে থাকতেন। কষ্টটা কাটিয়ে ওঠে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতেন।’জানালেন, ১৮ জানুয়ারি মেহেরজান-এর উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে ঢাকায় আসবেন ছবিটির অন্যতম প্রধান শিল্পী ভিক্টর ব্যানার্জি। জয়া বচ্চনেরও আসার সম্ভাবনা আছে। তবে ব্যাপারটি এখনো চূড়ান্ত হয়নি।ছবিটি প্রযোজনা করেছে এরা মোশন পিকচার্স লি., অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।