মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শুরু হলো ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব-২০১৪’। শুক্রবার সকালে বলাকা সিনেওয়ার্ল্ডে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে। এরপর প্রদর্শিত হয় উৎসব আয়োজক প্রতিষ্ঠান ঢুলি কমিউনিকেশনস নির্মিত মুক্তিযুদ্ধ চলচ্চিত্রভিত্তিক মর্মস্পর্শী তথ্যচিত্র। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান, কণ্ঠশিল্পী আসিফ আকবর, চলচ্চিত্রনির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। অনুষ্ঠানে জাতির চার সূর্যসন্তানকে সম্মাননা স্মারক, উত্তরীয় এবং নগদ অর্থ দেওয়া হয়।
বলাকা প্রেক্ষাগৃহে ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব’ চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় সাতটি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে গতকাল দেখানো হয়েছে ওরা ১১ জন। আজ থাকছে আগুনের পরশমণি।