মুক্তিযুদ্ধ জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মঞ্চে গান, কবিতা, নৃত্য, পথনাটক। গানের সুরে ভেসে বেড়ায় এই দেশ এবং মাটি ও মানুষের কথা। নৃত্যের মুদ্রায় প্রকাশিত হয় বাংলাদেশের জেগে ওঠার বার্তা। এমন বহুমাত্রিক পরিবেশনা দেখা গেল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিন ছিল মঙ্গলবার।
বৈকালিক আয়োজনে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম। এরপর ‘তোমরা সবাই ফিরে এসো’ নামে নিরঞ্জন অধিকারীর গ্রন্থনা এবং জি এম মোর্শেদ নির্দেশিত আবৃত্তি প্রযোজনা নিয়ে মঞ্চে আসে চারুকণ্ঠের বাক্শিল্পীরা।
নৃত্য-গীতে সাজানো ছিল উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে নিবেদন করে সমবেত কণ্ঠে তারা গান করে। কয়েকটি দেশাত্মবোধক গানও গেয়ে শোনায় তারা। ছিল নাচ। আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শোনায় ‘মাঝি নাও ছাইড়া দে’। দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। সবশেষে ছিল অপেরা নাট্যদলের পথনাটক। উপস্থাপিত হয় মান্নান হীরা রচিত নাটক বউ।