মুক্তিযুদ্ধ জাদুঘরে কাল থেকে বিজয় উৎসব

বিজয় দিবস আসন্ন। খুব কাছে এসে পড়েছে বছরের এই কাঙ্ক্ষিত দিনটি। বিজয়ের এই দিনটিকে সামনে রেখে মুক্তিযুদ্ধ জাদুঘর বিগত বছরের ধারাবাহিকতায় আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক উৎসবের।
রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম আজ বুধবার প্রথম আলোকে জানিয়েছেন, আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইমপর্টান্স অব দ্য ন্যাশনাল ট্রায়ালস অব ইন্টারন্যাশনাল ক্রাইমস ইন বাংলাদেশ: আ লিগ্যাল রেসপন্স টু ক্রিটিকস’ শীর্ষক বক্তব্য দেবেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক এম রফিকুল ইসলাম।
এ ছাড়াও, এই অনুষ্ঠানে শুক্লা সরকারের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ধ্রুপদ কলাকেন্দ্র, আবৃত্তি পরিবেশন করবে স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঢাকা কমার্স কলেজ, মানিক নগর মডেল হাই স্কুল, দলীয় সংগীত পরিবেশন করবে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী এবং পথনাটক আগুনের জবানবন্দি পরিবেশন করবে আরণ্যক।
মুক্তিযুদ্ধ জাদুঘরের এই বিজয় উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।