মুক্তিযুদ্ধ জাদুঘরে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সাতদিনের ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক উৎসবের তৃতীয় দিন ছিল শনিবার। এদিনও ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী গণসংগীত, দেশাত্মবোধক, কবিতার পঙতিমালা উচ্চারণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। তৃতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয় জাদুঘরের ট্রাস্টি ও সদস্য জিয়াউদ্দিন তারিক আলীর স্বাগত কথনের মধ্য দিয়ে। এর পর মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন নির্মাণ তহবিলে অনুদান প্রদান করে গাজীপুরের কোনাবাড়ী থেকে আগত ইউরিকো অ্যাঞ্জেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা ১০ হাজার টাকা অনুদান প্রদান করে একটি প্রতীকী ইট কিনে।
এদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধা ইসাহাক খান। তিনি বলেন ‘যে উদ্দেশ্য নিয়ে একাত্তরে রণাঙ্গনে শত্রু মোকাবিলা করেছিলাম, তার সুফল পেয়েছিলাম বিজয় অর্জনের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ চেতনার সরকার বর্তমানের ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছেন। এ দেশকে রাজাকার মুক্ত করতে হবে। আগামীতে যেন রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা উড়তে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সাংস্কৃতিক পর্বের শুরুতেই মঞ্চে আসে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। আশরাফ হাসান নির্দেশনা ‘বাংলাদেশ জেগো ওঠো’ শিরোনামে অনুষ্ঠানে আবৃত্তি করেন শিল্পীরা। এরপর দলীয় পরিবেশনায় অংশ নেয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ। শুরুতেই পর পর দুটি দলীয় সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ ও ‘আমি মারের সাগর পাড়ি দেব’ পরিবেশন করে। পরে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ ও ‘বাঁধ ভেঙে দাও’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক দলটি। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নেয় মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অলক দাশগুপ্তের ‘কথা, সুর ও পরিচালনায় ‘বাংলাদেশ’ শিরোনামে ২০মিনিটের সংগীতালেখ্য অংশ নেয় আনন্দন। পথনাটক ‘কালান্তর’ পরিবেশন করে টঙ্গীর নাট্যভূমি (টঙ্গী)। রচনা-নির্দেশনায় ছিলেন জিন্নাহ হক ও অপু আমান।