মুক্তিযুদ্ধ জাদুঘরে হাতেখড়ি উৎসব
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় হাতেখড়ি উৎসব। হাতেখড়ি জাতীয় পর্ষদের আয়োজনে উৎসবে গুরুজন হিসেবে উপস্থিত থেকে হাতেখড়ি দেন দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। হাতেখড়ি পর্ষদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় গুরুজনেরা ছাড়াও বক্তব্য দেন শিল্পী হাশেম খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সালাম।
উৎসবের শুরুতে দেশব্যাপী নৃশংসতার জন্য বিশেষ করে শিশুদের ওপর হিংস্রতার জন্য নিন্দা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে লায়লা হাসানের নৃত্য পরিচালনায় নটরাজের শিশুরা ‘চল্ চল্ চল্’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। পরে গীতিমায়ার ছোট শিশুশিল্পীরা পরিবেশন করে ‘আমরা সবাই রাজা’ গানটি। এ ছাড়া সংগীত ও নৃত্য পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর, অর্চনা একাডেমিসহ বিভিন্ন শিশু সংগঠনের শিশুরা।