মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য প্রদর্শনী ‘মুক্তি’
শহীদ ভূপতিনাথ চক্রবর্তী চৌধুরীর আঁকা দুটি চিত্রকর্ম সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘরকে দান করেছেন তাঁর ছেলে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর ঢাকা আর্ট সেন্টারে শুরু হওয়া চিত্র প্রদর্শনী ‘মুক্তি’তে চিত্রকর্ম দুটি স্থান পেয়েছে।ভূপতিনাথ চক্রবর্তী চৌধুরী ছিলেন কিশোরগঞ্জ জেলার গাঙ্গাটিয়া এলাকার জমিদার। গত শতাব্দীর চল্লিশের দশকে তিনি কলকাতা আর্ট কলেজ পড়াশোনা করেন। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন। ১৯৭১ সালের ৭ মে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন এই চিত্রশিল্পী।মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণ-তহবিল সংগ্রহের জন্য ঢাকা আর্ট সেন্টারের সহযোগিতায় প্রখ্যাত ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের আঁকা চিত্রকর্মের এই প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ এ বছর স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করে। সেই কর্মশালায় আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।গতকাল বিকেলে মুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন। ভূপতিনাথ চক্রবর্তী চৌধুরীর স্মারক সংগ্রহ সম্পর্কে বলেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আর্ট সেন্টারের চেয়ারপারসন রামেন্দু মজুমদার, শিল্পী মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। প্রদর্শনীটি উৎসর্গও করা হয়েছে ভূপতিনাথকে। প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, রেজাউল করিম, আবদুল মান্নান, আবদুস শাকুর, বীরেন সোম, শহীদ কবির, ফরিদা জামানসহ প্রায় অর্ধশত শিল্পীর ছবি রয়েছে। প্রদর্শনী সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।অনুষ্ঠানে জানানো হয়, জাদুঘর নির্মাণ তহবিলে জনতা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের দুটি হিসাবের মাধ্যমে অর্থ-সহায়তা করা যাবে। হিসাব দুটি হলো, মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ/এসটিডি হিসাব নং-৩৬০০০৪০৮/জনতা ব্যাংক লিমিটেড, তোপখানা রোড শাখা, ঢাকা এবং মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ/এসটিডি হিসাব নং-১৫০১১০১৬৫৮৬৩৭০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গুলশান-১, ঢাকা।কথাকলি নৃত্য পরিবেশনা ও সম্মাননাগতকাল সন্ধ্যায় ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী মালবিকা সেন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। ভরতনাট্যম মানে ভাব, তাল, নাট্য আর রাগের সমন্বয়। মালবিকা সেনের নৃত্যে এর সবকিছুই ছিল। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। গত ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হয় কথাকলি নৃত্য কর্মশালা। গতকাল সেই কর্মশালাভিত্তিক নৃত্য প্রযোজনা অনুষ্ঠান কথাকলি নৃত্য পরিবেশনা এবং মালবিকা সেনের ভরতনাট্যম পরিবেশিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা। তাতে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভারতীয় হাইকমিশনের উপকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমামুল কবীর ও ইউনিভার্সিটির উপাচার্য সামছুল হক। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভরতনাট্যম শিল্পী গুরু থাঙ্কামনি কুট্টি ও কথাকলি কর্মশালার পরিচালক অধ্যাপক গুরু থিরুভালি শংকর নারায়ণ। অনুষ্ঠানে নৃত্যশিল্পী সোমা মমতাজ, শুক্লা সরকার, সাজু আহমেদ, শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, মুনমুন আহমেদ ও তামান্না রহমানকে সম্মাননা দেওয়া হয়।সচেতনতা বাড়াতে বিতর্কঅতি দরিদ্র জনগোষ্ঠী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘যুক্তির আলোকে খুঁজি দারিদ্র্য বিমোচনের পথ’ স্লোগান নিয়ে আজ বুধবার থেকে এশিয়াটিক সোসাইটিতে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরের ১৬টি কলেজ ও মাদ্রাসা অংশ নিচ্ছে। গতকাল দুপুরে এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আজ সকাল ১০টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংবিধান সংশোধন-বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এ প্রতিযোগিতা হতে যাচ্ছে।