মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ বার্ষিকীতে গান, কবিতা ও নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাঙ্গণের ওপর লাল-সবুজ পতাকাসদৃশ শামিয়ানা। চারদিকে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ও আলোকচিত্র। এসবের কোনো কোনোটিতে লেখা আছে ‘ফিরে দেখুন একাত্তর/ ঘুরে দাঁড়াক বাংলাদেশ’, ‘একাত্তর আমাদের অহংকার’। মাইক্রোফোনে বাজছে একের পর এক দেশের গান। মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার জন্য এভাবেই সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ। ‘মুক্তিযুদ্ধের ৪০ বছর: অতীতের প্রেরণায় আগামীর পথে’ স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হয় গত মঙ্গলবার। একই সঙ্গে চলছে মুক্তিযুদ্ধভিত্তিক বইমেলা।‘শেষবার চাই আজ মুক্তি’ শিরোনামের বৃন্দ আবৃত্তির মাধ্যমে গতকাল বুধবার অনুষ্ঠানের সূচনা করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, শহীদ কাদরী প্রমুখ কবির কবিতার সমন্বয়ে এটি গ্রন্থনা করেন আশরাফ হাসান। নির্দেশনা দেন সৈয়দ শহীদুল ইসলাম। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি’ গানটি। একই স্কুলের শিক্ষার্থী রোমানা আক্তার ও সাবিহা সুলতানা একক নৃত্য পরিবেশন করে ‘সব কটি জানালা খুলে দাও না’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে। সত্যেন সেন শিল্পী সংস্থার শিল্পীরা পরিবেশন করেন ‘মুক্তির মন্দির সোপানতলে’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং ‘ইয়াহিয়া তোমার আসামীর মত জবাব দিতে হবে’ গানগুলো। সবশেষ পরিবেশনা ছিল থিয়েটার বেইলি রোডের পথনাটক আমরা সবাই চোর। এর রচনা ও নির্দেশনা দেন খুরশীদ আলম।