মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব

মুক্তিযুদ্ধ জাদুঘরের পথচলা শুরু ২০ বছর আগে। ছোট্ট বাড়ি থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর এখন আগারগাঁওয়ের নিজস্ব বিশাল ভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজ মঙ্গলবার শেষবারের মতো সেগুনবাগিচার ছোট্ট মিলনায়তনে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব। সপ্তাহব্যাপী আয়োজনে আলোচনা, সংগীত, নৃত্য, নাটক, আলোকচিত্রের ভাষায় তুলে ধরা হবে বাঙালির স্বাধীনতা সংগ্রামের নানা দিক।
আজ বিকেলে উদ্বোধনী আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে ১৮ হাজার মুক্তিযুদ্ধের স্মারক ও দলিল রয়েছে। ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে সারা দেশের ১০ লাখ ছাত্র-ছাত্রী সঠিক বিবরণসহ মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের গণহত্যা বিশ্বের কাছে উঠে এসেছে। তিনি বলেন, এখন আমরা নিজস্ব ভবনে জাদুঘর তৈরি করছি। যার মালিকানা সম্পূর্ণটুকুই জনগণের।
জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলীর বার্ষিক প্রতিবেদনের পর ‘কালান্তরের ঘূর্ণিপাকে’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তৃতা দেন প্রাবন্ধিক-সাংবাদিক আবুল মোমেন।
আলোচনা শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই নৃত্যদল স্পন্দন ‘জয় সত্যের জয়’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ ও ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ গানের সুরে নৃত্য পরিবেশন করে। এরপর উজ্জ্বল আকাশের গ্রন্থনা ও নির্দেশনায় ঢাকা স্বরকল্পন পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘এখনো একাত্তর’। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘একটি গল্প শোনাবো আজ’ গানের সুরে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। এরপর সবগুলো কণ্ঠ এক হয়ে গেয়ে শোনাল ‘আমরা করব জয়’ ও ‘রক্তের দামে কিনেছি মোরা’। বিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা মিমি ‘আরে ওগো শাশুড়ি মা’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন। সবশেষে ‘দূরে ওই পাহাড়ে মিশেছে’ গানের সুরে দ্বৈত নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় তাদের আয়োজন। এরপর বহ্নিশিখার শিল্পীরা গেয়ে শোনান ‘জন্মভূমি ধুলো গায়ে মেখে’, ‘সোনা সোনা লোকে বলে’ ও ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি’। সবশেষে পথনাটক ‘নাড়াই’ পরিবেশন করে ভিশন থিয়েটার।