
এ দৃশ্য চিরচেনা। রাজপথে ফেরি করে জাতীয় পতাকা বিক্রি, সবুজের মাঝে লাল সূর্য। যানবাহনে কিংবা বসতবাড়িতে উড্ডীন পতাকা জানান দিচ্ছে বিজয় দিবস আসন্ন। বাঙালির এই চিরগৌরবের দিনটি ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সংস্কৃতি অঙ্গন। বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান বিজয় দিবস সামনে রেখে কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল শুরু হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিজয় উৎসব।
গতকাল মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সর্বজনীন মানবাধিকারের প্রতি আস্থা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক। এরপর মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাসেলসের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের পরিচালক পাওলো কাসাকা ‘গণহত্যা, মানবাধিকার ও বিচার’ শীর্ষক বক্তৃতা দেন। বক্তৃতাপর্ব শেষে ‘যতই দেখি সারা জগৎ ঘুরে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল’ ও ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে’ গানের সুরে দলীয় নাচ করেন স্পন্দনের নৃত্যশিল্পীরা।
এরপর বৃন্দ আবৃত্তি করেন স্বরচিত্রের সদস্যরা। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা চারটি দেশাত্মবোধক গান করেন। দলটির পরিবেশনায় ছিল ‘একাত্তরের শকুনগুলো উড়ছে আবার দেশজুড়ে’, ‘জনতার সংগ্রাম চলছেই চলবে’, ‘কী যে আজগুবি কারবার’ ও ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’। সর্বশেষে ছিল ঢাকা পদাতিকের পথনাটক মাদারিকা খেল।