মুক্তিযুদ্ধ জাদুঘরের বিজয় উৎসব চলছে

বিজয় দিবস আসন্ন। দিনটি সামনে রেখে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে চলছে বিজয় উৎস। ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শিরোনামের এ উৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল উৎসবের তৃতীয় দিনের আয়োজনে ছিল আলোচনা, বই প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে দর্শকদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। এরপর ছিল ডকুমেন্ট অব হাইডেলবার্গ কনফারেন্স অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ইস্যু অব জাস্টিস বইয়ের প্রকাশনা। বইটি নিয়ে আলোচনা করেন অধ্যাপক মুনতাসির মামুন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সংবৃতা আবৃত্তিচর্চা কেন্দ্র ও বিকাশ কেন্দ্রের ‘রক্তবিন্দু ছুঁয়ে সম্মুখের ইতিহাস’ শীর্ষক বৃন্দ আবৃত্তি দিয়ে। এর গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন জালাল উদ্দিন ভুঁইয়া। এরপর দলীয় সংগীত পরিবেশন করেন ক্রান্তি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। শেষে রংপুরের মহেশ চন্দ্র রায় ও কছিম উদ্দিনের একাত্তরের লোকসংগীত ও ভাওয়াইয়া গান পরিবেশন করেন এরফান হোসেন ও তাঁর দল। তাদের পরিবেশিত গানের মধ্যে ছিল ‘হামরা বীর বাঙ্গালী’, ‘ওকি বাপ রে বাপ/ মুক্তিফৌজ কি যুদ্ধ করে বাপ রে’ এসব।