মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল শনিবার শুরু হলো তাদের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব। সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক বক্তৃতা দেন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার অধ্যাপক অ্যাডাম জোন্স।

অনুষ্ঠানের শুরুতেই জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। ট্রাস্টি মফিদুল হক অ্যাডাম জোন্সের পরিচিতি তুলে ধরেন। এরপর ‘দ্য বাংলাদেশ জেনোসাইড ইন কমপারেটিভ পারসপেক্টিভ’ শীর্ষক স্মারক বক্তৃতায় অ্যাডাম জোন্স বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, তা ছিল পূর্বপরিকল্পিত। অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যেমন হত্যাযজ্ঞ চালিয়েছিল, বাংলাদেশেও ঠিক তেমন গণহত্যা করা হয়েছিল। তিনি বলেন, কেবল দু-একটি ঘটনার পর্যবেক্ষণ বা বইপুস্তকের বিবরণ থেকে এখানকার গণহত্যার স্বরূপ স্পষ্ট করে জানা যাবে না। এ জন্য মাঠপর্যায়ে গিয়ে অনুসন্ধান করলেই প্রকৃত চিত্রটি পাওয়া যাবে।

আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব শুরু হয়েছিল শিল্পী বুলবুল ইসলামের গাওয়া ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে। বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। শেষে ছিল নৃত্য। অনীক বসুর পরিচালনায় স্পন্দনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। উৎসবের অনুষ্ঠান প্রতিদিন শুরু হবে বিকেল পাঁচটায়। চলবে ২৮ মার্চ পর্যন্ত।