মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নাটকের দৃশ্য
যমুনা নাটকের দৃশ্য

মাঝেমধ্যে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আমাদের মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম ১৯৭১ সালকে কীভাবে দেখে, নাকি বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাবে আমাদের রক্তাক্ত মুক্তিযুদ্ধ। সশস্ত্র সংগ্রামের পাশাপাশি কত নারী-পুরুষ যে আত্মত্যাগ দেখিয়েছে, তা-ও কি একসময় একটি রচনা লেখার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে? কিন্তু এসব ভাবনা মিথ্যা হয়ে যায় যখন শাহবাগে গণজাগরণ মঞ্চের উল্লাস হয়। জাহানারা ইমামের বিশাল প্রতিকৃতি এবং লাল-সবুজের পতাকায় আকাশ ম্লান করে।
আজ (সোমবার) সন্ধ্যায় তেমনি এক অনুভূতি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটক দেখতে বসেছিলাম। কয়েকটি রাজনৈতিক দলের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যেও হলভর্তি দর্শক। চার দিন ধরে এই নাটক চলছে, আজ তার শেষ অভিনয়। নানা অনিশ্চয়তাকে অতিক্রম করে দর্শক এই নাটক দেখতে এসেছেন।
নাটক দেখার আগে আমার মনে একটি অনিশ্চয়তা কাজ করছিল। সবাই মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, তারপর নাটকটি ইংরেজিতে।
নাট্যকার সেলিনা শেলী অক্সফোর্ডপ্রবাসী। বড় চাকরি করেন। স্বামী-সন্তান নিয়ে অক্সফোর্ডে নিজগৃহে থাকেন। বাংলাদেশের আন্দোলনের অভিঘাত সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সুদূর অক্সফোর্ডে কীভাবে পৌঁছায়। কিন্তু অক্সফোর্ডে বা ইংল্যান্ডে পৌঁছে যায় যুদ্ধাপরাধীর দালালেরা। সেলিনা তাঁর স্বামী মাসুম রেজা ও সে সময়ে অক্সফোর্ডে অবস্থানরত মোহাম্মদ আলী হায়দার সবাই দেশে নাটক করতেন। নিত্যপুরাণ নাটকের নাট্যকার মাসুম রেজার নেতৃত্বে দল গঠন করেন তাঁরা। নাম থিয়েটার ফোকস। তাঁরা আলোড়িত হন, হতাশা আর ক্ষোভ নিয়ে সেলিনা শেলী নাটক লেখেন বাংলায়। তাঁর কিশোরী দুই কন্যা দ্রুত ইংরেজিতে অনুবাদ করে। হায়দার নির্দেশনার দায়িত্ব নিয়ে দ্রুত নাটকটি মঞ্চে নিয়ে আসেন।
নাটকটি আসলে ফেরদৌসি প্রিয়ভাষিণীর জীবনের ছায়া, একজন ভাস্কর বীরাঙ্গনার জীবনে প্রথম প্রদর্শনীর আগে তিনি মুখোমুখি হন এক কঠিন বাস্তবতার। অতীত জীবনের সেই সব ক্লেদাক্ত দিনগুলোর কথা তাঁকে কুরে কুরে খায়। কী হবে তার সন্তানের? যার বিয়ের প্রস্তাব এসেছে। তার সন্তানটিও তো যুদ্ধশিশু। তার মেয়ে ফুলের সঙ্গে রাহুলের সম্পর্কটি কি ভেঙে যাবে?
সাংবাদিক আসে, নানা দ্বিধাদ্বন্দ্ব একসময় কাটিয়ে উঠে বলতে শুরু করেন তাঁর একাত্তরের সেই কাহিনি। কীভাবে সেনাবাহিনী নিয়ে যায় ক্যাম্পে, কীভাবে বেঁচে আসেন, কীভাবে আশ্রয় পান শরণার্থী শিবিরে, কীভাবে পিতা অস্বীকার করেন কন্যাকে। রাজনীতি কীভাবে খেলা করে তাঁদের নিয়ে। কিন্তু অন্যদিকে এ-ও সত্যি, তাঁর শিল্পী হয়ে ওঠার পেছনেও তো একাত্তর, তাঁর সীমাহীন যন্ত্রণাই তো অনুপ্রেরণা। এই কাহিনিটি বলতে গিয়ে নির্দেশক নানা মাধ্যম ব্যবহার করেছেন। কখনো কোরিওগ্রাফি, যার নির্দেশক সামিনা লুৎফা নিত্রা। অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করেছেন নির্দেশনায়। ধর্ষণের দৃশ্যের মধ্য দিয়ে দীর্ঘ কালাতিপাত করেছেন একটি কাপড়ের অন্তরালে এবং খ্রিষ্টান নানের আগমন দৃশ্য অত্যন্ত চমৎকার। মঞ্চ সজ্জায় ফেরদৌসি প্রিয়ভাষিণীর পরিত্যক্ত ভাস্কর্যগুলো ব্যবহার করা হয়েছে। সেটিও সৃজনের চমৎকারিত্ব।
অভিনয়ে নাট্যকার নিজেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তাঁর আবেগনির্ভর অংশগুলোতে ভালো অভিনয় করেছেন, কিন্তু যেখানে স্বাভাবিক অভিনয় দাবি করে, সেখানে একদা সাবলীল হতে পারেননি। প্রবাসে অভিনয়ের চর্চা করা মুশকিল। কিন্তু দ্বিতীয় প্রজন্মের প্রবাসী সৈয়দ মনজুরুল হাসান (শামীম ভাই) চারটি চরিত্রে অভিনয় করেছেন। সব কটিই তিনি সফলভাবে করেছেন। অন্য যাঁরা অভিনয় করেছেন, সবাই সাবলীল। সুমেন চৌধুরী কখনো লাইভ মিউজিেক দোতারা বাজিয়েছেন আবার বাঁশি এবং অন্যান্য যন্ত্রানুসঙ্গের রেকর্ড মিউজিক চালিয়েছেন। কিন্তু কাজটা হয়েছে।
এই নাটকের ঢাকায় প্রদর্শনীর ব্যবস্থায় আছে আবার দুটি দল, দেশ নাটক ও বটতলা। দল দুটির সদস্যরাও মুক্তিযুদ্ধের পরের প্রজন্মের। তাদের এই দল আনায় সেখানে যথার্থই মুক্তিযুদ্ধ প্রেরণা জুগিয়েছে। এ ধরনের সম্মিলিত প্রয়াস আমাদের নাট্য সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।
নাটক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে পারে, কিন্তু যেটি আমার কাছে অনেক গভীরের বিষয় তা হলো, মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের দেশপ্রেম। তাঁরা ক্ষুব্ধ হন, আনন্দিত হন মুক্তিযুদ্ধের বঞ্চনায় বা বিজয়ে।
এই বিজয়ী স্বপ্নের প্রজন্মকে যমুনা প্রযোজনার জন্য অনেক অভিনন্দন।