মুক্তিযুদ্ধ বিষয়ে আগ্রহ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মঞ্চে এসেছে নতুন দল নটরণের নাটক অমাবস্যার কারা। কুমার প্রীতীশ বলের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আজকের সাক্ষাৎকার তাঁর সঙ্গেমুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মঞ্চনাটক শক্তিশালী মাধ্যম হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের নাটক সে তুলনায় মঞ্চে কম আসছে কেন?কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধের নাটক মঞ্চে আনার প্রবণতা বাড়ছে। যুদ্ধ-পরবর্তী সময়ে কিছু মুক্তিযুদ্ধের নাটক এসেছে। পরে নাট্যজনদের হয়তো ভাবনায় ছিল, আমরা তো যুদ্ধে জিতেই গেছি। স্বাধীন হয়েছি। এখন আর মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কাজ করার দরকার নেই। ফলে একটা প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা বঞ্চিত হয়েছে। এ সময় মৌলাবাদ বিস্তার লাভ করার সুযোগ পেয়েছে। কিন্তু আমরা যখন বুঝলাম, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তখনই আবার আমরা মঞ্চে মুক্তিযুদ্ধ নিয়ে সক্রিয় হচ্ছি।‘অমাবস্যার কারা’ নাটকের দুটি প্রদর্শনী হয়েছে। দর্শক কীভাবে দেখছে নাটকটিকে?প্রথম প্রদর্শনী হয়েছে গত ২০ অক্টোবর। দ্বিতীয় প্রদর্শনী ছিল ৩০ অক্টোবর। প্রথম প্রদর্শনীতেই দর্শকের ভালো মতামত পেয়েছি। তাঁরা নাটকটিকে জাতীয় নাট্যশালায় আটকে না রেখে দেশের সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য মতামত দিয়েছেন। নাটকটি মুক্তিযুদ্ধের একটা ভিন্ন ধরনের নাটক এবং মঞ্চেও আনা হয়েছে একটা আলাদা আঙ্গিক নিয়ে। পুরো নাটকটিই শোকগাথা। প্রথমে নাটকটি নিয়ে আমার ভয় ছিল। দর্শক নাটকটি দেখতে বসে একঘেয়েমি কিংবা বিরক্তি বোধ করবেন কি না—এ ধরনের ভাবনা উদ্বোধনী মঞ্চায়নের আগে মাথায় ঘুরপাক খাচ্ছিল। তবে দুটি প্রদর্শনী হওয়ার পর নাটকটির প্রতি দর্শকের আগ্রহ-উদ্দীপনা দেখে সে ভয় কেটে গেছে।ঢাকার মঞ্চে আলোচিত নাটক ‘কথা ৭১’ আপনার নির্দেশনায় মঞ্চে এসেছে। আবারও মুক্তিযুদ্ধের নাটক ‘অমাবস্যার কারা’ নাটকটি মঞ্চে আনলেন। মুক্তিযুদ্ধের নাটকের প্রতি আগ্রহের কারণ কী?আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের বিষয়বস্তু নিয়ে কাজ করতে আগ্রহী এবং এটা নিয়ে নিজ দলেই শুধু নয়, বাইরের দলের সঙ্গেও কাজ করতে চাই। সেদিক থেকে অমাবস্যার কারা নাটকটি মঞ্চে আনার আগে নটরণের প্রধান তাজিমের সঙ্গে কথা হয়। আমার যেমন আগ্রহ ছিল, তাঁদেরও একই আগ্রহ কাজ করেছে। তাঁরা চেয়েছেন, দলের প্রথম কাজটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের নাটক দিয়েই শুরু হোক। ফলে মুক্তিযুদ্ধের এ নাটকটির নির্দেশনা দেওয়ার সুযোগ আমার হয়েছে। আমার আগ্রহ থাকলেই হবে না, ঢাকার আরও দলের নাটকে মুক্তিযুদ্ধ বিষয়ে আগ্রহ থাকতে হবে।মুক্তিযুদ্ধের নাটককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় বলে মনে করেন?আমার কথা ৭১ নাটকটি যেমন পরীক্ষণ থিয়েটার হল ছাড়া করা যায় না, তেমনি নতুন নাটকটিরও একটা সীমাবদ্ধতা আছে। নাটকটিতে ১৫ জন নারী অভিনয় করেন। বর্তমানে ১৫ জন নারীকে একসঙ্গে পাওয়াও কঠিন। তা যদি আবার ঢাকার বাইরে নিতে হয়, তাহলে আরও সমস্যা। চাইলেও তা সম্ভব নয়। ফলে আমাদের মুক্তিযুদ্ধের পাণ্ডুলিপিগুলো একটু সহজ করে লিখতে হবে। একই সঙ্গে মঞ্চে আনতে হবে একটু সহজ করে। এতে সহজেই ঢাকার বাইরে জেলায় জেলায় মুক্তিযুদ্ধের নাটক করতে পারব। আর এভাবে মুক্তিযুদ্ধের নাটককে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি।