মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, প্রকৃত গবেষকেরাই একদিন বাংলাদেশের গণমানুষের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে পারবেন। মুহাম্মদ শামসুল হক গবেষণাধর্মী বইগুলোতে বাঙালির স্বাধীনতার ইতিহাসের আলোচিত বিষয়গুলো নতুন করে আবিষ্কার করেছেন।গতকাল রোববার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকর্মী, সাংবাদিক মুহাম্মদ শামসুল হকের খ্যাতিমানদের নানা রঙের দিনগুলি ও স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি, আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি বইয়ের প্রকাশনা উৎসবে শামসুজ্জামান খান এসব কথা বলেন।শামসুজ্জামান বলেন, ভবিষ্যতে বাঙালির ইতিহাস নিয়ে যাঁরা কাজ করবেন, তাঁরা অবশ্যই স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি, আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি বইটি আকরগ্রন্থ হিসেবে বিবেচনা করবেন।চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিকেলে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের হরিশংকর জলদাস ও আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, মুহাম্মদ সিকান্দার খান, শায়েস্তা খান, মনিরুজ্জামান, মোহাম্মদ হোসেন খান, কাজী জাফরুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং ওস্তাদ আজিজুল ইসলাম বক্তব্য দেন।‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় গণসংগীত উৎসব। কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের গতকাল রোববার ছিল শেষ দিন। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গত শুক্রবার থেকে উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। উৎসবে সংগীত পরিবেশন করছেন ফকির আলমগীর।