মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের প্রকাশনা
‘এ পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে যত উপন্যাস রচিত হয়েছে, সেগুলোর মধ্যে এ বইটি একটি বিশেষ জায়গা করে নেবে।’ মঞ্জু ইসলাম রচিত সং অব আওয়ার সোয়ামল্যান্ড সম্পর্কে স্বাগত বক্তব্যে এভাবেই বলছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও প্রকাশক মফিদুল হক। গতকাল শনিবার ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে অনুষ্ঠিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সৈয়দ মনজুরুল ইসলাম ও কায়সার হক। লেখক নিজেও বইটি সম্পর্কে আলোকপাত করেন এবং শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।বক্তারা বলেন, সং অব আওয়ার সোয়ামল্যান্ড ইতিহাসের আলোকে লেখা একটি উপন্যাস। যে ইতিহাসের আলোকে লেখক এটি লিখেছেন, সেটি এ দেশের মানুষের অতি গর্বের আর অহংকারের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে লেখক এ উপন্যাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরেছেন। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন, মুক্তিযুদ্ধ মানুষের নৈতিকতা ও বোধে কী ধরনের রূপান্তর ঘটিয়েছে, বিশেষ করে যারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়েছেন। এই উপন্যাসের তেমন দুটি চরিত্রের একজন খুনি এবং অন্যজন প্রেমিক। এমনই আরও অনেক কিছু এই বইয়ে তুলে ধরা হয়েছে, যা অনেকের জানা ইতিহাসে যুক্ত করবে নতুন মাত্রা। বইটি সম্পর্কে লেখক বলেন, ‘এই উপন্যাসে আমি মূলত প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধটা দেখার চেষ্টা করেছি। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আবার ৩৫ বছরের বেশি সময় ধরে আমি বিদেশে আছি। সে দেশে আমি প্রান্তিক জনগোষ্ঠীর একজন। যুদ্ধে অংশ নিয়ে এবং বিদেশে প্রান্তিক জনগোষ্ঠীর একজন হয়ে আমি নানা রকম অভিজ্ঞতা অর্জন করেছি। এসব অভিজ্ঞতার অনেক কিছু এই বইয়ে প্রতিফলিত হয়েছে।’ সং অব আওয়ার সোয়ামল্যান্ড বইটি ২০১০ সালে প্রথম প্রকাশ করে যুক্তরাজ্যের পিপাল ট্রি প্রেস লিমিটেড। এর বাংলাদেশি সংস্করণ করেছে সাহিত্য প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন অশোক কর্মকার।