মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন মৃণাল সেন
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে ভারতের কলকাতায়। গোর্কি সদনে আজ বিকেলে উৎসব উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ঢাকার রেইনবো চলচ্চিত্র সংসদ ও কলকাতার আইজেনস্টাইন চলচ্চিত্র সংসদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৩৯তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ উৎসব হচ্ছে। উৎসবে দেখানো হবে হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি ও শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ ও ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, শহিদুল ইসলামের লাল সবুজ ও মোরশেদুল ইসলামের খেলাঘর। সব কটি ছবি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। দেশের বাইরে এ ধরনের উৎসব আয়োজন প্রসঙ্গে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘দেশে তো এ ধরনের উৎসব প্রায়ই হচ্ছে। কিন্তু দেশের বাইরে মুক্তিযুদ্ধভিত্তিক ছবির উৎসব আয়োজনের একটা বড় সুফল হলো, অন্য দেশের দর্শকও এসব ছবি দেখার সুযোগ পাবে। চলচ্চিত্রের মধ্য দিয়ে তারা আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে জানতে পারবে।’উৎসবের সব কটি ছবিই ইমপ্রেস টেলিফিল্মের। এ ব্যাপারে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাগর বললেন, ‘অনুভূতিটা অনেক বড়। মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক যেকোনো কাজের ব্যাপারে আমরা সব সময়ই একটু বেশি আগ্রহী। আর তা অব্যাহত থাকবে।’