মুক্তিযুদ্ধে নির্যাতিত এক নারীর গল্প 'জননী'
মুক্তিযুদ্ধের সময় মনিরাদের বাড়িতে ক্যাম্প স্থাপন করে পাকিস্তানের আর্মি। এখানেই আটকে রাখা হয় মনিরাকে। নিয়মিত তার ওপর চলে শারীরিক নির্যাতন। একসময় মনিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু সে চায় না তার এ সন্তান পৃথিবীর আলো দেখুক। অন্যদিকে, পাকিস্তানের আর্মি অফিসার সায়িদ খুরশিদ চায় এই সন্তান জন্ম নিক। তার ধারণা, বাঙালির পেটে সত্যিকার পাকিস্তানের বীজ বপন করা হয়েছে, এই সন্তান পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে। মনিরার অন্ধকার ঘরটা যেন এক যুদ্ধক্ষেত্র। সায়িদ খুরশিদ অস্ত্র আর শক্তির দম্ভে শক্তিমান, অপরদিকে মনিরা অসহায়, গৃহবন্দী। তার শক্তি মনের ভেতরের দেশপ্রেম। এটা জননীর গল্প।
জননী স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্র। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রওশন আরা নিপা। তিনি বলেন, ‘জননী চলচ্চিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই সব বীর নারী মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানানোর একটি ক্ষুদ্র চেষ্টা, যাঁরা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এবং স্বাধীন দেশে তাঁরা কোনো স্বীকৃতি বা সম্মান পাননি। পেয়েছেন ঘৃণা আর অসম্মান।’
নিপা আরও বলেন, ‘কাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরপর ছবিটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারী মুক্তিযোদ্ধাদের ব্যাপারে নতুন প্রজন্মকে সচেতন করা আমাদের মুখ্য উদ্দেশ্য।’
জননী ছবিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, শাজাহান সম্রাট, প্রীতম আহমেদসহ অনেকে।