মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথার নাটক ‘রাজারবাগ ৭১’
১৯৭১ সালের ২৫ মার্চ। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত। ঢাকার কর্মক্লান্ত মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। এ সময় তাঁদের ওপর অকস্মাৎ নেমে আসে ভয়ংকর বিভীষিকা। ‘অপারেশন সার্চলাইট’ শিরোনামে ওই বিভীষিকা ছিল বর্বর পাকিস্তানি বাহিনীর বাঙালি নিধন অভিযানের। সেনানিবাস থেকে হিংস্র শ্বাপদের মতো বেরিয়ে আসে ট্যাংক আর সাঁজোয়া গাড়ির বহর। তারা এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এক পর্যায়ে হামলা করল রাজারবাগ পুলিশ লাইনে। বাঙালি পুলিশ সদস্যরা বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুললেও সংগত কারণে টিকে থাকতে পারেননি। পুলিশ বাহিনীর সেই বীরত্বগাথা আর মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগ নিয়ে তৈরি হয়েছে নাটক রাজারবাগ ৭১। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রথমবারের মতো নাটকটি মঞ্চস্থ হয়। রাজারবাগ ৭১ নাটকে অভিনয় করেছেন পুলিশ বাহিনীর সদস্যরা। সত্যিকারের ঘটনার ওপর ইতিহাসভিত্তিক নাটকটি গবেষণা, রচনা ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। তিনি বলেন, নাটকের প্রয়োজনে কয়েকটি চরিত্র সংযোজন করা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ইমরান হোসেন, বিনয় কুমার বিশ্বাস, শারমিন শিউলি, জান্নাতুল ফেরদৌস, মুস্তাফিজুর রহমান প্রমুখ। ফিল্ম আর্কাইভ দিবস উদ্যাপনবাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সত্যজিৎ রায় নির্মিত তথ্যচিত্র রবীন্দ্রনাথ টেগোর প্রদর্শিত হয়। এ ছাড়া রবীন্দ্রনাথের ছোটগল্প নষ্টনীড় অবলম্বনে সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্র চারুলতাও দেখানো হয়।দিবসটি শুরু হয় সকালে সিনেমার পোস্টার প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান। দুই শতাধিক সিনেমার পোস্টার প্রদর্শনীতে স্থান পায়। চলচ্চিত্র প্রদর্শনীর আগে ছিল মুক্ত আলোচনা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন জাকি প্রমুখ। বাফা সমাবর্তন ও বুলবুল পদক প্রদানপুনর্মিলনী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাফা সম্মাননা ও বুলবুল পদক প্রদানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক সংগঠনটি তাদের ৫৫তম বর্ষপূর্তি উদ্যাপন করে। গতকাল সকালে শিশু একাডেমী মিলনায়তনে সংগঠনের শিক্ষার্থী, শিক্ষক, উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের সদস্য সেখানে একত্র হন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম। বিকেলে সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সভাপত্বি করেন একাডেমীর সভাপতি শামসুজ্জাহান নূর। স্বাগত বক্তব্য দেন সম্পাদক ছাদুল্লাহ্। এ বছর সম্মাননা ও পদক প্রদান করা হয় রবীন্দ্রসংগীতশিল্পী কলিম শরাফী (মরণোত্তর), উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ আখতার সাদমানী (মরণোত্তর), নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম, সংগীতশিল্পী ওস্তাদ খুরশিদ খান, বিপুল ভট্টাচার্য, সাংবাদিক এবিএম মূসা, নৃত্যশিল্পী পিনু খান ও কাজী রওনাক হোসেনকে। শেষে ছিল নকসী কাঁথার মাঠ-এর পরিবেশনা। পল্লী কবি জসীম উদ্দীনের এই নৃত্যনাট্যে অংশ নেন বাফার শিক্ষক ও শিক্ষার্থীরা। সিলেটে ‘গেরিলা’র প্রদর্শনীসিলেট প্রতিনিধি জানান, সিলেট মিলনায়তনে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলার পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, পরিচালক নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ। ২১ মে পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে তিনটা ও সাড়ে ছয়টায় ছবিটি দেখানো হবে। তবে ২০ ও ২১ মে সকাল ১০টায় বিশেষ প্রদর্শনী হবে।