মুক্তিযুদ্ধে শিল্পীদের ভূমিকা নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের একটি অনন্য দিক হলো, এই জনযুদ্ধে যেমন সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন, তেমনি দেশের সাংস্কৃতিক জগতের সব ক্ষেত্রের মানুষেরও সমাহার ঘটেছিল। এটা সচরাচর ঘটে না। দেশের চারুশিল্পীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও তাঁদের ভূমিকা গ্রন্থাকারে তুলে ধরে একটি ঐতিহাসিক দায়িত্ব সম্পাদন করেছেন শিল্পী বীরেন সোম।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিল্পীসমাজ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কথাগুলো বলেন। মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোমের এই বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী। আর্থিক সহায়তা দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর প্রথমবার মুক্তিযুদ্ধে শিল্পীদের ভূমিকার সামগ্রিক তথ্য, আলোচনা ও ছবি নিয়ে এ ধরনের একটি গ্রন্থ প্রকাশিত হলো। এ জন্য তাঁকে অভিনন্দন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, আইসিবির চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক ফায়কুজ্জামান। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মাহফুজুর রহমান এবং বইটির সম্পাদক সুবল কুমার বণিক। বীরেন সোম তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। সঞ্চালনা করেন আলী ইমাম।