মুক্তিযুদ্ধের কবিতা ও কবিতার মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল দ্বিতীয় দিনও কবি ও কাব্যানুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় কবিতা উৎসব প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার চত্বর ছিল উৎসবমুখর। কাব্যানুরাগীরা দিনব্যাপী প্রিয় কবির সঙ্গ ও কবিতা পাঠ উপভোগ করেছেন, অটোগ্রাফ সংগ্রহ করেছেন, কবিতা নিয়ে কথা বলেছেন, কবিতার কথা বলেছেন। এই দিনের কার্যক্রম শুরু হয় ‘মুক্তিযুদ্ধের কবিতা: কবিতার মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে। এর মূল প্রবন্ধে মফিদুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ যেমন বাংলা ভাষাভাষী মানুষের জীবনে, তেমনি বাংলা কবিতায় নিয়ে এসেছিল এক অভাবিত সময়। পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল কবিতার অভিযাত্রা, ইতিহাসই নির্ধারণ করে দিয়েছিল এই সংযোগ আর সম্মিলন, বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে সেই যাত্রা সূচিত হয়েছিল। সমাজের জাগরণ ও অধিকার আদায়ের আন্দোলন এবং কবিতার পথচলায় সংযোগ সম্মিলন থাকলেও উভয়ের পথ আলাদা; চলবার ধরন, ছন্দ কিংবা লক্ষ্যও এক নয়।’ কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবুল মোমেন, শিহাব সরকার, কাজল বন্দ্যোপাধ্যায় ও রফিকুল্লাহ খান।দ্বিতীয় সেমিনার শুরু হয় বেলা সাড়ে ১১টায়। এর মূল প্রবন্ধ ‘বাংলা কবিতার আন্তর্জাতিকতা’য় বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আধুনিক বাংলা কবিতা কেবল নিজ বাসভূমে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীটাকেই করেছে সে তার উত্তরাধিকার—যেখানেই দেখা দিয়েছে আধুনিকতা, তাকেই সে অঙ্গীকার করেছে আপন সম্পদ ভেবে। মধ্যযুগের সীমানা পেরিয়ে যখনই বাংলা কবিতা পদার্পণ করেছে আধুনিক যুগে, তখন থেকেই শরীরে ও সত্তায় বিশ্ব-কবিতার স্পর্শ লেগেছে—অঙ্গীকার করেছে সে নানামাত্রিক আন্তর্জাতিক চরিত্র।’ সাযযাদ কাদিরের সভাপতিত্বে আলোচনা করেন পবিত্র সরকার, অরবিন্দ গুহ, কাজী রোজী, মুনির সিরাজ ও সৈয়দ আকরম হোসেন। বেলা তিনটায় শুরু হয় কবিতা পাঠের আসর। এতে দেশ-বিদেশের কবিরা কবিতা পাঠ করেন। দিলারা হাফিজের সভাপতিত্বে প্রথম পর্বে কবিতা পাঠ করেন তরুণ কবিরা। কে এম শেরামের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের অন্য ভাষার কবিতা পাঠ। তৃতীয় পর্বে নির্মলেন্দু গুণের সভাপতিত্বে কবিতা পাঠ করেন দেশ-বিদেশের প্রবীণ কবিরা। সন্ধ্যা সাড়ে সাতটায় কামাল লোহানীর সভাপতিত্বে পুরস্কার প্রদান ও জাতীয় কবিতা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এবার জাতীয় পুরস্কার পেলেন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি কবি বেলাল চৌধুরী।পথনাট্যোৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকভারতীয় সৈনিক সরদার মাধব সিং শহীদ হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তখন তার পুত্রসন্তান সরদার যাদব সিংয়ের বয়স মাত্র এক বছর। যাদব ওরফে যাদু বড় হওয়ার পর তার মা তাকে বলে, ‘বাংলাদেশের জন্য তোর বাবা প্রাণ দিয়েছে। দেশটা কেমন তুই একবার দেখে আয়।’ মায়ের কথামতো যাদু বাংলাদেশ দেখতে আসে। ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠীর মুক্তিযুদ্ধভিত্তিক নাটক যাদুর শুরুটা এমনই। জাতীয় পথনাট্যোৎসবের দ্বিতীয় দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হয় এই নাটক। এর নাট্যকার ও নির্দেশক মুন্সী মুহাম্মাদ আলী। এর কেন্দ্রীয় চরিত্র যাদুর ভূমিকায় অভিনয় করেন আল হামীম। এতে আরও অভিনয় করেন তাজ উদ্দীন, আফরিন সুলতানা, রীতা রাণী পোদ্দার প্রমুখ। এ ছাড়া এদিন আরও চারটি নাটক প্রদর্শিত হয়। ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল প্রদর্শন করে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। নাটক শিক্ষায় সৈয়দ আহম্মেদ উপস্থাপন করে মুন্সীগঞ্জের নাট্যদল থিয়েটার সার্কেল। খবিশ প্রদর্শন করে আশুগঞ্জের গণনাট্য পরিষদ। সবশেষে জয়নাল আবেদীনের রচনা ও সফিকুল ইসলামের নির্দেশনায় নাট্যযোদ্ধা প্রদর্শন করে ফিলিমী কারবার।ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ২০১১৪ ও ৫ ফেব্রুয়ারি ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী সংগীত উৎসব ‘ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল ২০১১’। এতে আফ্রিকার ব্যান্ডদল ডেলে সোসেমি, দক্ষিণ লন্ডনের সোদ সেয়ার, কিউবার মতিম্বা এবং বাংলাদেশের লক্ষ্মীট্যারা, আজব ও লালন ব্যান্ড সংগীত পরিবেশন করবে। পালাগান পরিবেশন করবে সংগীত দল পরবাসী। বেবী আক্তার ও তাঁর দল পরিবেশন করবে লোকসংগীত। একক শিল্পী হিসেবে গান গাইবেন শাজাহান মুন্সী ও রব ফকির। গ্রামীণফোনের সহায়তায় এ উৎসবের আয়োজন করছে কালচারপট গ্লোবাল, এক্সক্যালিবার এন্টারটেইনমেন্ট ও যাত্রী ট্রাভেলস। এ উৎসবের আয়োজকদের এক বার্তায় পণ্ডিত রবি শংকর বলেন, ‘ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভালে নানা ধরনের সংগীতের সমাবেশ ঘটবে জেনে আমি আনন্দিত। আমার মনে পড়ে যাচ্ছে মেডিসন স্কয়ারের ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা। কারণ, সেটা ছিল বাংলাদেশের জন্য, সেখানেও নানা ধরনের সংগীতের সমাবেশ ঘটেছিল।’