মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ‘বিধবা পল্লীর অশ্রুগাথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কাকরকান্দি। গারো পাহাড়ের কোল ঘেঁষে নিভৃত এক গ্রাম। নাম সোহাগপুর। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে এই গ্রামে ঘটেছে নির্মম এক ঘটনা। এলাকার কিছু রাজাকার-আলবদরের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা করে ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে। প্রায় ছয় ঘণ্টায় গ্রামটি পুরুষশূন্য হয়ে যায়। ১৯৭১ সালের ২৫ জুলাইয়ের সেই বীভৎস স্মৃতি নিয়ে আজও কোনো রকমে বেঁচে আছেন ৩৯ জন বিধবা নারী। স্বামী, ভাই, ভাশুর, শ্বশুর, বাবা কিংবা কোলের ছোট শিশু—কেউ রক্ষা পায়নি পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে। অনেক কাকুতি-মিনতি করেও বাঁচাতে পারেননি প্রিয়জনকে। পরে নিজ হাতে কোনো রকমে মৃতদেহগুলো মাটিচাপা দিয়েছেন তাঁরা। সোহাগপুরের নাম বদলে হয়ে যায় ‘বিধবা পল্লী’। সেইসব ঘটনা নিয়েই ধারাবাহিক তথ্যচিত্র তৈরি করেছেন মামুন-উর-রশীদ। নাম বিধবা পল্লীর অশ্রুগাথা। এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বীরপ্রতীক। ধারাবাহিক এই তথ্যচিত্রটির পরিকল্পনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মামুন-উর-রশীদ।মামুন বললেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের অনেক ঘটনাই রয়ে গেছে অন্তরালে। কাকরকান্দির বিধবা পল্লীর সেই সব অজানা ঘটনা আমি তুলে ধরছি এই ধারাবাহিক তথ্যচিত্রে।’মামুন জানালেন, তথ্যচিত্রটির প্রতিটি পর্বে বেঁচে যাওয়া বিধবারা বলছেন তাঁদের হারানো স্বজনদের কথা, কিছু স্মৃতি আর না-বলা কথাগুলো।