মুক্তিযুদ্ধের গল্প ‘অমাবস্যার কারা’
একটি পুরোনো বাড়ি। দেখেই বোঝা যায় বাড়িটি পরিত্যক্ত। এর সামনে এসেছেন কয়েকজন নারী। তাঁরা সবই আতঙ্কগ্রস্ত। এক বিশেষ পরিস্থিতিতে তাঁরা এখানে এসে সমবেত হয়েছেন। তাঁদের কথোপকথন থেকেই উঠে আসে হত্যা, নির্যাতন, লুণ্ঠনের ভয়াবহ কাহিনি। সেই কাহিনি নিয়েই এগিয়ে যায় নাটকের দল নটরণের নতুন নাটক অমাবস্যার কারা। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে গতকাল রোববার ছিল এই নাটকের তৃতীয় মঞ্চায়ন।নটরণ দলটি নতুন, তাদের নাটকটিও নতুন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অমাবস্যার কারা নাটকটি লিখেছেন কুমার প্রীতীশ বল। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। এতে ১৫ জন নারীসহ মোট ১৮ জন শিল্পী অভিনয় করছেন।নাটকের কাহিনি মুক্তিযুদ্ধের সময়ের একটি গ্রামের। সেখানে খবর আসে যে রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় গ্রামে হামলা চালাবে। খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গ্রামের পুরুষেরা বেশি উদ্বিগ্ন মা-বোন, স্ত্রী-কন্যার নিরাপত্তা নিয়ে। তারা সবাই মিলে আলোচনা করে গ্রামের সব নারীকে একত্র করে নিয়ে আসে গ্রামের বহুকালের পরিত্যক্ত এক বাড়িতে। নারীরা লুকিয়ে থাকে এই বাড়িতে। লুকিয়ে থাকা নারীরা একপর্যায়ে বলতে থাকে সংসার, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তাদের স্বামী-পুত্রদের কথা, তাদের উদ্বেগ-আতঙ্কের কথা। নানা বয়সী, নানা পেশার মানুষ সেখানে সমবেত। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি উঠে আসে তাদের কথাবার্তায়। অমাবস্যার কারা পরিণত হয় ১৯৭১ সালের মহান মুক্তিসংগ্রামের এক খণ্ডচিত্রে।আজ নবান্ন উৎসব বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আজ সোমাবার উদ্যাপিত হবে নবান্ন উৎসব। নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল সাতটা থেকে শুরু হবে উৎসবের কার্যক্রম। চলবে রাত নয়টা পর্যন্ত।আয়োজক সূত্রে জানা গেছে, আজকের উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, বাউলগান, যন্ত্রসংগীত, লাঠিখেলা, নবান্নকথন, শোভাযাত্রা, শিশু-কিশোরদের নবান্ন শীর্ষক চিত্রাঙ্কন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন দেশের ১২ জন কৃষক। সকাল নয়টা ১৫ মিনিটে বকুলতলা থেকে নবান্ন শোভাযাত্রা বের হয়ে টিএসসি চত্বর ঘুরে বকুলতলায় এসে শেষ হবে। সকাল ১০টায় শিশু-কিশোরদের উন্মুক্ত চিত্রাঙ্কন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।সিলেটে কবি অশোকবিজয় রাহার জন্মশতবর্ষ উদ্যাপিতসিলেট প্রতিনিধি জানান, গতকাল রোববার তিরিশের দশকের বিশিষ্ট কবি অশোকবিজয় রাহার জন্মশতবর্ষ উদ্যাপিত হয়েছে।বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘অশোকবিজয় রাহা জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। পরে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শুভেন্দু ইমাম। তুষার করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পর্ষদের সদস্যসচিব মইনুদ্দিন আহমদ। বক্তব্য দেন মো. আরশ আলী, এ কে শেরাম, কবির ভাইয়ের ছেলে কিশোরকুমার কর, এমাদউল্লাহ শহীদুল্লাহ প্রমুখ। কবির কবিতা আবৃত্তি করেন মোকাদ্দেস বাবুল, গুলজার আহমদ প্রমুখ।জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের উদ্যোগে আলোচনা সভা ও কবিকে নিয়ে প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন। কবি অশোকবিজয় রাহা ১৯১০ সালের ১৪ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসংশিত অশোকবিজয় রাহা কাব্যচর্চার শুরুতেই বাংলা কবিতার একজন শক্তিমান কবি হিসেবে পাঠকমহলে পরিচিতি লাভ করেন। ১৯৩৭ সালে বলাকা পত্রিকার সূত্র ধরে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫১ সালে বিশ্বভারতীর বাংলা বিভাগে যোগ দেন এবং স্থায়ীভাবে শান্তিনিকেতনে বসবাস শুরু করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ডিহাং নদীর বাঁকে, রুদ্রবসন্ত, জল-ডম্বরু পাহাড়, রক্তসন্ধ্যা, শেষচূড়া, উড়ো চিঠির ঝাঁক, চৈত্রের শালবন উল্লেখযোগ্য। তিনি ১৯৯০ সালের ১৯ অক্টোবর সন্ধ্যা ছয়টায় ভারতের শান্তিনিকেতনে মারা যান।