মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব
‘যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত ও সুষ্ঠু করার লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করেছি। সঙ্গে আছে মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত বইয়ের মেলা।’ বললেন নাসির উদ্দীন ইউসুফ। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের এই উৎসব। আর এই উৎসব আয়োজক কমিটির সভাপতি তিনি। নাসির উদ্দীন ইউসুফ জানান, চলচ্চিত্র উৎসব ও বইমেলার আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ উন্নয়ন ও নিরাপত্তাবিষয়ক গবেষণা কেন্দ্র। চলচ্চিত্র উৎসব হবে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আর বইমেলার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে।আজ বিকেল সাড়ে পাঁচটায় উৎসব উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। উদ্বোধনের পর নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত একাত্তরের যীশু ছবিটি দেখানো হবে। উৎসবের অন্য ছবিগুলো হলো—আগামী, মুক্তির কথা, শিলালিপি, রাবেয়া, জয়যাত্রা, কান পেতে রই, সে কথা বলে যাই ও আগুনের পরশমণি।নাসির উদ্দীন ইউসুফ আরও জানান, বইমেলা এবং চলচ্চিত্র উৎসব প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।