মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে স্বপ্ন ’৭১-এর যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল তরুণের সংগঠন ‘মুক্ত আসর’। সংগঠনটি কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে উদ্যোগী হয়ে সারা দেশে কাজ করে যাচ্ছেন মুক্ত আসরের কর্মীরা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করা তরুণদের দল দেশে প্রথমবারের মতো প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা স্বপ্ন ’৭১। পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যাফে মিলনায়তনে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।প্রকাশনা উৎসবে বক্তব্য দেন মুক্ত আসরের প্রধান উপদেষ্টা তাহের আহমেদ বীর প্রতীক, উপদেষ্টা মাসুদুর রহমান বীর প্রতীক, রফিকুল ইসলাম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, রহমত আলী খান, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদসহ অনেকে। অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল মুক্তিযুদ্ধবিষয়ক গান, নাচ, কবিতা আবৃত্তি ও মূকাভিনয়। মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা স্বপ্ন ’৭১ -এ রয়েছে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি নিয়ে লেখা, শহীদ পরিবারের কথা, মুক্তিযুদ্ধের গল্প, কবিতা, প্রবন্ধসহ নানা বিষয়। ‘এক সাগর রক্তের বিনিময়ে’—এই গানের নৃত্যের মধ্য দিয়ে প্রকাশনা উৎসব শেষ হয়।