মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ প্রতিযোগিতা
‘তরুণ চোখে একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছে মুভিভ্যান ফিল্ম সার্কেল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এই আয়োজনের তিন উপদেষ্টা ও বিচারক মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ, শামীম আখতার এবং সমন্বয়কারী আবীর শ্রেষ্ঠ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ মার্চের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী আগ্রহী তরুণদের নিজের লেখা গল্পের কাহিনিসংক্ষেপ, চিত্রনাট্য ও নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। ঠিকানা: ‘তরুণ চোখে একাত্তর’, জিপিও বক্স-২২১২, ঢাকা-১০০০। মার্চের শেষ সপ্তাহে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সেরা ১১টি চিত্রনাট্যের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত চিত্রনাট্যগুলোকে চলচ্চিত্রে রূপ দেওয়ার প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে। এরপর ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী করা হবে।