বাসাবোর লিমা জোহরা গতকাল নাটক দেখতে এসেছিলেন শিল্পকলা একাডেমীতে। মেঘলা বিকেল। ইলশেগুঁড়ি বৃষ্টিও হচ্ছিল থেকে থেকে। জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে অপেক্ষায় ছিলেন নাটক শুরুর জন্য। থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করবে কোর্ট মার্শাল। ‘কোর্ট মার্শাল নাটকটি আগে দেখা হয়নি?’‘না! দেখার ভীষণ ইচ্ছে ছিল। কিন্তু আমি সিলেট ছিলাম। বেশ কয়েক দিন আগে ঢাকায় এসেছি, কিন্তু এর মধ্যে আর কোনো প্রদর্শনী হয়নি’, বললেন তিনি। মঙ্গলবার ছিল মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবের দ্বিতীয় দিন। এদিন মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনি নিয়ে নির্মিত নয়টি নাটক মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমীর বিভিন্ন মিলনায়তনে। ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিশেষ এ উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। কোর্ট মার্শাল থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত প্রথম নাটক। ১৯৯৩ সালে প্রথম মঞ্চায়ন। ২০০১ সালে দলের কর্ণধার ও নাটকটির নির্দেশক এস এম সোলায়মানের মৃত্যুর পর তিন বছরের জন্য মঞ্চায়ন বন্ধ ছিল। এস এম সোলায়মানের অনুপস্থিতিতে নাটকটিতে কাণ্ডারির ভূমিকা নিয়েছেন মোহাম্মদ বারী। মাঝখানে একসময় শিল্পকলা একাডেমী মৌখিকভাবে তাদের মঞ্চে নাটকটি প্রদর্শনী না করার জন্য থিয়েটার আর্ট ইউনিটকে নির্দেশ দেয়। দুই বছর আগে পুনরায় নাটকটির মঞ্চায়ন শুরু করে থিয়েটার আর্ট। স্বদেশ দীপকের লেখা এবং সলিল সরকারের অনুবাদে কোর্ট মার্শাল নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। তবে নতুন করে নাটকটি মঞ্চে আনতে নির্দেশনা সমন্বয়কের ভূমিকা পালন করছেন মোহাম্মদ বারী। সেনাবাহিনীতে একটি হত্যাকাণ্ডের তথ্য উদ্ধারকে কেন্দ্র করে এক সেনা সদস্যের কোর্ট মার্শালের বিষয়কে উপজীব্য করে গড়ে ওঠে নাটকটির কাহিনি। প্রতীকী এ নাটকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে এসেছে অত্যন্ত জোরালোভাবে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিরোধীদের যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই আলোকেই কোর্ট মার্শাল। ‘বীরাঙ্গনা’ প্রসঙ্গটিও উঠে এসেছে স্পর্শকাতরভাবে। শ্রেণীসংঘাতের ভিত্তিতে আমাদের সমাজের প্রকৃত চেহারাটি নাটকটিতে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। আর তাই এক যুগ পরও নাটকটি দেখতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি হয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা প্রমুখ।পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার ঠিকানা এবং মানিকগঞ্জের সিঙ্গাইর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বালিকা ও একটি স্বর্ণপশম ভেড়ার নাট্য মঞ্চস্থ করে। স্টুডিও থিয়েটারে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সেক্টর ১১: ব্যাঘ্র আক্রমণ, বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা বাবুর পুকুরে গণহত্যা ও মাদারীপুরের নাজিমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থীরা একটাই চাওয়া মঞ্চস্থ করে।সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মুখোশের অন্তরালে, পিরোজপুরের আমানউল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বনফুলে বিষলতা এবং রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি মঞ্চস্থ করে।আজ বুধবার উৎসবের তৃতীয় দিনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় ঘুম নেই ও ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজ ভূমে মঞ্চস্থ করবে।স্টুডিও থিয়েটারে ঢাকার নাট্যতীর্থ ফাগুন শেষে, ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা আঁলে হুঁ দিশমলে স্বাধীনকাদ্বা এবং নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীরা মুক্তির পালাগান মঞ্চস্থ করবে। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সূর্যোদয় ও যশোর কলেজের শিক্ষার্থীরা সালাউদ্দিনের পালা মঞ্চস্থ করবে।নৃত্যের অনুরণনআজ বুধবার সন্ধ্যা সাতটায় বাংলা-দেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে সমকালীন নৃত্যের অনুষ্ঠান ‘নৃত্যের অনুরণন’। বাংলাদেশে সমকালীন নৃত্যধারার প্রচার ও প্রসারে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আঁলিয়স ফ্রঁসেজ ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট। সংগঠন দুটি ‘ড্যান্স ইন রিসোন্যান্স’ শিরোনামে দুই সপ্তাহের একটি সমকালীন নৃত্য কর্মশালা পরিচালনা করে। কর্মশালাটি পরিচালনা করেন দুই প্রখ্যাত ফরাসি ও জার্মান নৃত্যশিল্পী সামিন আকিকা ও অ্যান্ডি জনড্যাগ। কর্মশালায় সমকালীন নৃত্যের ওপর তাঁরা প্রশিক্ষণ দেন সাধনা, শিল্পকলা একাডেমী ও চট্টগ্রামের মায়াবা নৃত্যগোষ্ঠীর তরুণ প্রজন্মের নৃত্য শিক্ষার্থীদের। সেই প্রশিক্ষণেরই পরিবেশনা নৃত্যের অনুরণন। আগামী শনিবার সন্ধ্যায় এটি পুনরায় পরিবেশিত হবে চট্টগ্রামের মুসলিম হলে। মুক্তিযুদ্ধের গল্পের আসর ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশের অভ্যুদয়। যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের জনগণের ওপর যে হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে তা নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা থেকে গেছে। মুক্তিযুদ্ধের কথা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গতকাল মঙ্গলবার মুক্ত আসরের আয়োজনে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের আবুল হোসেন সরকার মহাবিদ্যালয়ে বসেছিল মুক্তিযুদ্ধের গল্প বলার আসর। সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আসরটি। সভাপতিত্ব করেন আবুল হোসেন সরকার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কেদার নাথ। আসরে মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা একানন বর্মণ, আবুল হোসেন সরকার ও জেলা মুক্তি-যোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. বদরুদ্দোজা। বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আ ফ ম সোহেল।