
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ফরিদপুরেও পরিবেশ থিয়েটার করা হয় ২৯ মার্চ। ফরিদপুর স্টেডিয়ামের উত্তরকোণের টাউন ক্লাব চত্বরে। মুক্তিযুদ্ধকালে স্টেডিয়ামে ছিল কনসেনট্রেশন ক্যাম্প। নাটকের নাম তাই কনসেনট্রেশন ক্যাম্প.৭১। ফরিদপুরের ছেলে বাকার বকুল কেন্দ্র থেকে নির্ধারিত নির্দেশক। শহরের নানা গ্রুপের ছেলেমেয়েরা কুশীলব। মাস কয়েক চলে এই নির্মাণ প্রক্রিয়া। একাত্তরে ভুক্তভোগী মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে, দেশের আরও কিছু ক্যাম্পের অভিজ্ঞতা মিলিয়ে নাটকটি লেখেন বাকার বকুলই।
মুক্তিযুদ্ধের বিস্মৃত স্মৃতি উদ্ধার-উদ্ঘাটন করতে শিল্পকলা একাডেমী এর আগেও দেশজুড়ে প্রতি জেলার কলেজে নাটক রচনা ও অভিনয়ের আয়োজন করেছিল। বোঝা যায় এ কাজ একটি ঐতিহাসিক দায় হিসেবেই করা হচ্ছে। ৪২ বছর ধরেই তো চলেছে মুক্তিযুদ্ধের স্মারক যত যা কিছু সংঘটন জনমন থেকে লুপ্ত, অপহৃত করে দেওয়া—যেন তা হয়ে ওঠে অপসৃত ফসিল মাত্র। মুক্তিযুদ্ধকালীন ফরিদপুর স্টেডিয়ামের স্থাপনা সম্প্রসারিত হয়ে গেছে বলে ঠিক মূল স্থলে করা যায়নি অভিনয়। কাছের চত্বরটি লাগসই হয়েছে—গ্যালারির পেছনে টাউন ক্লাব-জেলা পরিষদ ঘেরা চত্বরটি।
আমরা জানি, একাত্তরে এই ক্যাম্পগুলো জনমনে কী ছিল! টাউন ক্লাবের গেট দিয়ে দর্শক ঢুকতে গিয়ে মুখোমুখি হয় যেন সেই একাত্তরের। পাকিস্তানি সেনাদের মতিচ্ছন্ন মাস্তানির রকমসকম ‘মুক্তি’ ধরপাকড়ের মরিয়া উন্মাদনায়। ক্যাম্প-ব্যারাকের ব্যারিকেড ব্যুহ দিয়ে ঢোকানো হয় দর্শকদের—যেন ভেতরে আয়োজিত মাহফিলে আমন্ত্রণ জানায় মেহমানদের শরিফ সমঝদার: আইয়ে জনাব, আইয়ে ইধার। ঢুকে জেলা পরিষদসংলগ্ন তৈরি গ্যালারিতে বসতে গিয়ে সামনে নজর পড়ে, জমেছে মাহফিল—দমাদম মস্ত কলন্দর। অকস্মাৎ উচ্চকণ্ঠ সংগীত ছাপিয়ে একপাল পাকিস্তানি নেকড়ের শিকারসহ উন্মত্ত প্রবেশ। টেনেহিঁচড়ে, ধাক্কিয়ে-গুঁতিয়ে, আছড়িয়ে ফেলা কতক ধৃত মুক্তি। ক্যাম্পের বাঁ দিকের ওপর-নিচে, সামনে, পাশের-পেছনের ট্রেঞ্চ-তাঁবু-ঘরে চলে হাবিয়া দোজকখানা-ইনফার্নোর বীভৎস ব্যঙ্গচিত্র—অমানুষিক উন্মাদ মানব দলন-পেষণ-পীড়ন। তবু বেেঁচ থাকে পরস্পর সমানুভব, শ্রুশ্রূষা—বলবীর্য প্রদান। নারী অবমানিতা হয়ে ওঠায় প্রাণপাত করে একালের কয়েক
তরুণী অভিনেত্রী—একান্তই নাগাল অসম্ভব যে মানবী দশার। জমাদারনি সহজে আয়ত্ত করেছে উচ্ছিষ্টভোগীর স্থূল বিকার। অধ্যাপক কী শিক্ষা দিয়েছে তার ছাত্রদের, জানতে চায় রিমান্ডে ঘাতক-ক্যাপ্টেন—দেশপ্রেম আর স্বাধীনতা এই উত্তরের বিনিময়ে, দাড়িকাটা ছুরিতে চৌকস, ক্ষিপ্র জিব কেটে দেয় পাক-নওজোয়ান। যুদ্ধাহত দলীয় সেনাও পায় শ্রুশ্রূষার বদলে সামরিক নৃশংসতা। স্বপ্ন দেখে এক নারী, বঙ্গবন্ধুর ফাঁসি হচ্ছে—সে তার বদলা নেবে এখানেই। কামুক এক নরপশুর লিঙ্গছেদনকারিণী শনাক্ত হয়। অবধারিত তার মরণ-চিৎকার শোনা যায়। ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে/ মাতঙ্গী মেতেছে আজ সমররঙ্গে’—ফঁুসে ওঠে নাগিনীপ্রায় নারী দল—শরীর গতিভঙ্গির অতীব্রতায়। আতঙ্কে উন্মাদ পাক-পুঙ্গব ক্যাম্পেও রজ্জুতে করে সর্পভ্রম; গেরিলা মুক্তির ওপর মরিয়া গোলাবর্ষণ করে দেখে—এক বিল্লি। তাতে তবু হাঁফ ছাড়তে পারে খানিক দর্শক—বুকচাপা, মুখচাপা, শ্বাসরোধক এই নাট্যকালে। শেষকালে মুহুর্মুহু গোলাগুলিতে আক্রান্ত এই ব্যারাক-ক্যাম্প প্রকম্পিত হয়ে উঠে—দর্শকসাধারণ হতচকিত, বিহ্বল বিমূঢ়। তখন অভিনেতৃদল সামনে এসে হ্যারিকেনের মৃদু আলোয় পথ দেখিয়ে দেয় এগোনোর। সেটা হয়ে ওঠে অিন্তম সংহত এক নাট্যদৃশ্যকল্প। একটি সমে এসে নান্দনিক ক্রিয়াটি গভীর অভিভাব জাগায়।
পরিবেশ থিয়েটার বা অন্য কোনো নামেই এ নাট্য সংঘটনার বর্ণনা-ব্যাখ্যান হয় না। পত্রিকায় নির্ধারিত শব্দে তা আরও অসম্ভব। এমত বিবিধ বিচিত্র ক্রিয়াকােণ্ডর আদল-আয়ত্ত সহজসাধ্য নয়। আলোক-ধ্বনি, মঞ্চসজ্জ-প্রপস, শরীরবাচিক যাবতীয় উপাদানের ব্যবহার এমন একটি চলচ্ছবির দৃশ্য-দৃশ্যান্তরের অর্কেষ্ট্রায় বিস্ফারিত হয়, উনপঞ্চাশ বায়ু চড়া এ নাট্যের। ফরিদপুরবাসী বিস্ময়াভিভূত বিমূঢ়তায় অবলোকন করে এই উচ্চ- নাট্য-সংঘটন—মুক্তিযুদ্ধের দানবীয় খণ্ডাংশের এমত পুনর্নির্মাণে।
শাবাশ এ নাট্যের রচয়িতা-নির্দেশক: বাকার বকুল; নির্দেশনা-সহযোগী ও কস্টিউমস-প্রপস পরিকল্পক: রুনা কাঞ্চন; মঞ্চ ও আলোক পরিকল্পক: হাসনাত রিপন; আবহধ্বনি নির্মাতা: রিফাত আহমেদ নোবেল; ফরিদপুরের সমন্বয়কারী: আমিনুর রহমান ফরিদ, সহযোগী: নিজাম ও বিপ্লব; উপদেষ্টা সমন্বয়কারী: লিয়াকত আলী লাকী এবং ফরিদপুরের তরুণ তুর্কি নবীন অভিনেতৃদল।