মুক্তিযুদ্ধের নাটক ‘সেইসব দিনগুলো’
জাতীয় নাট্যশালা। করিডর দিয়ে ঢুকতেই কানে ভেসে এল বাঁশির আওয়াজ। গানের আসর বসেছে সেখানে। সাজসজ্জা আর আয়োজন মনে করিয়ে দেয় উৎসবের কথা। নাট্যশালার ভেতরে চলছে নাগরিক নাট্যাঙ্গনের সেই সব দিনগুলো নাটকের প্রস্তুতি।জাতীয় শিল্পকলা একাডেমীতে চলছে নাগরিক নাট্যাঙ্গন ও উৎসব নাট্যস্বজন পর্ষদ আয়োজিত ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসব। গতকাল শনিবার ছিল উৎসবের পঞ্চম দিন। গতকাল সন্ধ্যায় নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করে সেই সব দিনগুলো। ইনামুল হকের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। গতকাল বিকেলে নাট্য মঞ্চায়নের আগে কথা হয় নাট্যকারের সঙ্গে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ইনামুল হক নাটকটি রচনা করেছিলেন আশির দশকে। যুদ্ধ চলাকালে একটি পরিবারের দুরবস্থাকে কেন্দ্র করে ওই সময়ের সামাজিক প্রেক্ষাপটকে তুলে আনা হয়েছে নাটকে। ইনামুল হক বলেন, ‘এ সময়ে নাটকটি মঞ্চে আনার উদ্দেশ্য হলো, আমাদের নতুন প্রজন্ম যারা যুদ্ধ দেখেনি, তাদের কাছে আমাদের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস তুলে ধরা, তাদের জানানো কীভাবে আমরা স্বাধীনতা পেলাম।’সাঈদ, বেলাল, হেলাল, বাবা, মা, দাদা, দাদি, বীথিকে নিয়ে একটি পরিবার। ঘটনাচক্রে পরিবারের বড় ছেলে সাঈদ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। একসময় তিনি নিজের ভাইদের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হন। বাড়ি ছেড়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে ওঠেন শ্বশুরবাড়িতে। তাঁর শ্বশুরও স্বাধীনতাবিরোধী। যুদ্ধে শহীদ হন হেলাল। এমনই শত ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধে একটি পরিবার ও তাঁদের ঘিরে কিছু মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ, ব্যথা, মৃত্যু আর বেঁচে থাকার সংগ্রাম নিয়ে পূর্ণতা পায় সেই সব দিনগুলো। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম, আরবাতুজ্জামান, পারভীন সুলতানা, কান্তা জামান, হাবিব বাহার, জুবায়ের আহমেদ, নোমান শরীফ, সৈয়দ মারুফ প্রমুখ। উৎসবে নাটক মঞ্চায়নের পাশাপাশি রয়েছে উন্মুক্ত গানের আসর, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী। আজ উৎসবের শেষ দিনে সমাপনী অনুষ্ঠান ছাড়াও মঞ্চস্থ হবে নতুন নাটক বিদেহ।