মুক্তিযুদ্ধের নাট্যোৎসব ২০১০
সরাসরি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এবার নাট্যোৎসব করছে থিয়েটার আর্ট ইউনিট। থিয়েটার আর্ট ইউনিটের মুক্তিযুদ্ধের নাটক সময়ের প্রয়োজনে-এর ৫০তম প্রদর্শনী উপলক্ষে পাঁচ দিনের এই উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবের নামকরণ করা হয়েছে থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে নাটকটিকে ধরে ‘সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব-২০১০’। এই উৎসবে মুক্তিযুদ্ধের ১০টি নাটক প্রদর্শিত হবে। প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। ৯ জুলাই থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে একযোগে এ উৎসব শুরু হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে উৎসবটির উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী।উৎসবের প্রথম দিন ৯ জুলাই জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে নাটকটির ৫০তম প্রদর্শনী। একই দিন পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাগরিক নাট্যাঙ্গনের সেই সব দিনগুলি। ১০ জুলাই মূল হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে ঢাকা পদাতিকের কথা ৭১ নাটকটি। নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার ঠিকানা পরিবেশন করবে পরীক্ষণ থিয়েটার হলে আর থিয়েটার আরামবাগ মূল হলে মঞ্চস্থ করবে বলদ নাটকটি। এ দুটি নাটক মঞ্চস্থ হবে ১১ জুলাই। ১২ জুলাই শিল্পকলা একাডেমী ক্ষেতমজুর খৈয়মুদ্দিন মঞ্চস্থ করবে মূল হলে, পরীক্ষণ থিয়েটার হলে উদীচী পরিবেশন করবে বৌবসন্তী। থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল মূল হলে মহাকাল নাট্যসম্প্রদায় ঘুম নেই পরিবেশন করবে পরীক্ষণ থিয়েটার হলে উৎসবের শেষ দিন ১৩ জুলাই। এদিকে থিয়েটার আর্ট ইউনিট সূত্রে জানা গেছে, উৎসব চলাকালে প্রতিদিন একজন করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাটক দেখবেন। নাটক শেষে মঞ্চে গিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে কথা বলবেন।উৎসব প্রসঙ্গে উৎসব কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম বলেন, ‘এ উৎসবটি আমরা যখন করছি, তখন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত। আর এই বিভ্রান্তি ছড়াচ্ছে মুক্তিযুদ্ধবিরোধীরা।’ তিনি বলেন, ‘এ সময় যুদ্ধাপরাধীদের বিচারে জনমত তৈরি করতে হবে। আমরা মনে করি, বাংলাদেশে এই প্রথম মুক্তিযুদ্ধের নাট্যোৎসব যুদ্ধাপরাধীদের বিচারের জনমত তৈরিতে ভূমিকা রাখবে।’