মুক্তিযুদ্ধের নয়টি নাটক
মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবের গতকাল রোববার ছিল ষষ্ঠ দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিভিন্ন মিলনায়তনে এই দিন নয়টি নাটক মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালায় সন্ধ্যায় মঞ্চস্থ হয় আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ও মামুনুর রশীদের রচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর (চট্টগ্রাম) নাটক সোয়াত। এই নাটক শেষে রাত সাড়ে আটটায় পরিবেশিত হয় বাবু লাল চৌধুরী নির্দেশিত গাইবান্ধার চিন্তক সাংস্কৃতিক সংগঠনের নৃত্যনাট্য শাশ্বত বাংলা। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় সৈয়দ দুলাল নির্দেশিত বরিশাল শিল্পকলা একাডেমীর নাটক পেয়ারা বাগান, একই স্থানে রাতে এনামুল হক নির্দেশিত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ির নাটক মেঘের স্বীকৃতি মঞ্চস্থ হয়।স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্র, রংপুরের নাটক একজন দলিল উদ্দিন এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হয় সরকারি পিসি কলেজ, বাগেরহাটের নাটক সবুজ রক্ত ও এন্টিভাইরাস। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ হয় ফেনী সরকারি কলেজের নাটক অপরাহত, সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের নাটক স্পার্টকাস এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হয় রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশনের নাটক ১৯৭১। আজ জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে অলক ঘোষ নির্দেশিত নান্দিকা, চট্টগ্রামের নাটক কোর্ট মার্শাল। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে আক্তারুজ্জামান নির্দেশিত মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমীর নাটক ৭১ যুদ্ধগাথা। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে মজিদা আদর্শ মহাবিদ্যালয়, কুড়িগ্রামের নাটক রক্তে জ্বলে স্বাধীনতা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে দোহার-নবাবগঞ্জ কলেজ, ঢাকার নাটক স্মৃতি ৭১। এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, রংপুরের নাটক এখনই সময়, সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুরের নাটক জাগ্রত চৌরঙ্গী এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হবে পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ, নরসিংদীর নাটক ১৯৭১।