মুক্তিযুদ্ধের পথনাটক
মুক্তিযুদ্ধের সফল ফসল হিসেবে মঞ্চনাটককেই ধরা হয়। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে একাধিক মুক্তিযুদ্ধের মূল মঞ্চনাটক নিয়ে কাজ করেছে একাধিক দল। ঢাকার মঞ্চে বেশির ভাগ মুক্তিযুদ্ধের মূল মঞ্চনাটকই ঝড় তুলেছিল। তবে মূল মঞ্চনাটকের তুলনায় মুক্তিযুদ্ধের পথনাটকের সংখ্যা খুব একটা বেশি না। এর মধ্যে কয়েকটি মুক্তিযুদ্ধের পথনাটক দর্শকের আলোচনায় আজও রয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, ফেরারী নিশান, চর কাঁকড়ার ডকুমেন্টারি প্রভৃতি।ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটকটি এস এম সোলায়মানের রচনা ও নির্দেশনায় ঢাকা পদাতিক ১৯৭৮ সালে মঞ্চে আনে। এটি বাংলাদেশের সর্বাধিক প্রদর্শিত পথনাটক। এ পর্যন্ত ৩৯০-র ওপর নাটকটির প্রদর্শনী হয়েছে। শুধু ঢাকা পদাতিকই নয়, একাধিক দল নাটকটি নিয়ে কাজ করেছে। থিয়েটার আর্ট ইউনিট নাটকটি নিয়ে ২০০৩ সাল থেকে কাজ করছে। এ পর্যন্ত নাটকটির প্রায় ৬০টি প্রদর্শনী করেছে দলটি। নাটকটির গল্প গড়ে উঠেছে একজন পঙ্গু মুক্তিযোদ্ধাকে ঘিরে। তিনিই ক্ষ্যাপা পাগলা। ঢাকা পদাতিকের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ নাটকটি নিয়ে সারা দেশ সফর করেছি। সেই সময় নাটকটি খুবই জনপ্রিয়তা পায়। এমনও সময় গেছে, কোনো কোনো বিশেষ দিনে একই সময়ে দলের তিনটি দল ঢাকার তিন জায়গায় একসঙ্গে নাটকটির প্রদর্শনী করেছে। সেই সময় নাটকটি বিরাট সাড়া ফেলেছিল।’ তিনি আরও বলেন, এই নাটকটি দিয়েই অপরাজেয় বাংলা উদ্বোধন হয়। একজন পঙ্গু মুক্তিযোদ্ধা অপরাজেয় বাংলার উদ্বোধন করেন। ওই দিন শত শত ছাত্রজনতার সামনে অপরাজেয় বাংলার পাদদেশে নাটকটির মঞ্চায়ন হয়। ওই দিনের প্রদর্শনীটি ছিল খুবই সম্মানজনক।মুক্তিযুদ্ধের আরেক আলোচিত নাটক ফেরারী নিশান। ১৯৮৪ সালে আরণ্যকের ব্যানারে প্রদর্শনী শুরু হয়। মান্নান হীরার লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ। নাটকটির প্রেক্ষাপটে দেখা যায় মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের কীভাবে ধ্বংস করা হয়। যেখানে মুক্তিযোদ্ধারা পালিয়ে বেড়ান আর রাজাকারেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। এ নাটকটির ঢাকা, ঢাকার বাইরে প্রায় ১৫০ বার প্রদর্শনী হয়েছে। এমনকি নাটকটি দেশের বাইরে ভারতেও প্রদর্শিত হয়েছে। মুক্তিযুদ্ধের পথনাটক মঞ্চে না আসা প্রসঙ্গে মান্নান হীরা বলেন, পথনাটক আসলে দেশের পরিস্থিতির ওপর ভরই করেই বেশি মঞ্চে আসে। যুদ্ধ-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের নাটক যে হারে এসেছে, দীর্ঘ সময় পেরিয়ে এখন আর সেভাবে আসছে না। তবে যুদ্ধাপরাধীদের বিচার সামনে নিয়ে আবারও পথনাটক জেগে উঠছে। এখন অনেক দলই মুক্তিযুদ্ধের পথনাটক মঞ্চে আনার প্রক্রিয়া শুরু করেছে।ঢাকা থিয়েটার চর কাঁকড়ার ডকুমেন্টারি নাটকটি ১৯৭৭ সালে মঞ্চে আসে। এক বছর ধরে ঢাকার একাধিক জায়গায় মঞ্চায়ন হয়। ২৭টি প্রদর্শনী হওয়ার পর মঞ্চায়ন বন্ধ হয়ে যায়। এ নাটকটি ঢাকা থিয়েটারের ইতিহাস হয়ে আছে। ১৯৭৭ সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে নাটকটির মঞ্চায়ন হওয়ার সময় নাটকটির নির্দেশক নাসির উদ্দীন ইউসুফসহ শিমূল ইউসুফ, হাবিবুল হাসানসহ ঢাকা থিয়েটারের ১৭ জন শিল্পীকে পুলিশ গ্রেপ্তার করে। নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘সেদিন সম্ভবত নাটকটির সপ্তম প্রদর্শনী চলছিল। তখন দেশে মার্শাল ল চলছিল। নাটকটির প্রদর্শনীর মাঝামাঝিতে পুলিশ আমাদের ধরে কাভার্ড ভ্যানের পেছনে করে সোহরাওয়ার্দী উদ্যানের পুলিশের নিয়ন্ত্রণকক্ষে নিয়ে যায়। কিন্তু উপস্থিত শত শত ছাত্রজনতার বিক্ষোভের মুখে চার ঘণ্টা পর আমাদের মুক্তি দেওয়া হয়।’ তিনি আরও বলেন, অধ্যাপক সেলিম আল দীন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরপর সম্ভবত নাটকটি রচনা করেন। আর এ নাটকটি দিয়ে ঢাকার মঞ্চে প্রথম পথনাটকের চর্চা শুরু হয়। বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের পথনাটক প্রসঙ্গে নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘সময়ের দাবির ওপরই এ ধরনের নাটক তৈরি হয়। যুদ্ধ-পরবর্তী মুক্তিযুদ্ধের অনেক মূল মঞ্চনাটক, পথনাটক হয়েছে। মাঝখানে কম হয়েছে। এখন আবার যুদ্ধাপরাধীদের বিচারকে সামনে রেখে পথনাটক হচ্ছে। আমার বিশ্বাস, আগামী বছর আরও বেশি মুক্তিযুদ্ধের পথনাটক তৈরি হবে।’ মুক্তিযুদ্ধের আরও দল পথনাটক মঞ্চে এসেছে। তার মধ্যে আরণ্যক নাট্যদলের খেঁকশিয়াল, দেশ নাটকের অনির্ধারিত, নাট্যধারার আবারও বাংলাদেশ প্রভৃতি।