মুক্তিযুদ্ধের লালজমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহড়াকক্ষে পা দেওয়ার আগেই দড়াম করে বন্ধ করে দেওয়া হলো দরজা। বেকুব হয়ে দাঁড়িয়ে রইলাম স্টুডিও থিয়েটারের পাশের মহড়াকক্ষের বাইরে। ভেতর থেকে শোনা যাচ্ছে গান, ‘আমার বন্ধুয়ারে, নিঠুর বন্ধুয়া...’।অগত্যা দরজায় করাঘাত, কয়েকবার। জিজ্ঞাসু তরুণকে অগ্রাহ্য করেই ঢুকে যাই কক্ষে, মোমেনা চৌধুরীকে বলি, ‘থামবেন না। আপনি আপনার কাজ করুন।’মোমেনার পরনে সবুজ শাড়ি, হাতে সাদা কাপড়। নির্দেশক সুদীপ চক্রবর্তীর সঙ্গে একটু পর কথা বলেই বুঝতে পারব, একটি লাঠি আর সাদা কাপড় দিয়ে কত ধরনের ভাষারই না জন্ম দেওয়া হয়েছে। মোমেনা দাঁড়িয়ে আছেন একটি ছোট্ট বাক্সের ওপর, তাতে আবার বেশ কিছু ছিদ্র। তারই একটায় রাখা হয়েছে লাঠি। কিন্তু বাঁ দিককার যে ছিদ্রে লাঠি, তা সমস্যা সৃষ্টি করছে মোমেনার সহজ চলাচলে। অতএব সিদ্ধান্ত হলো, ডান দিকের ছিদ্রেই থাকবে লাঠিটি। বাক্সটি থেকে সংলাপ বলতে বলতে লাঠি হাতে নেমে আসেন মোমেনা। বলেন, ‘এক একটা লম্ফ দেয় যেন পৌঁছে যাবে অনন্ত শূন্যে’। এখানেই মজা। মোমেনা জোর দিচ্ছেন ‘পৌঁছে যাবে’ শব্দ দুটি ওপর, সুদীপ জোর দিচ্ছেন ‘অনন্ত শূন্যে’র ওপর। বেশ কবার মহড়া করতে হলো। নির্দেশকও তালগোল পাকিয়ে ফেললেন একবার। তারপর যেকোনো মহড়ায় যা হয়, শিল্পী-নির্দেশক একমত হলেন, যেভাবে কাজটি অনায়াস হয়, সেভাবেই করা হবে।একই সংলাপে বন্দুক, কামান ও উড়োজাহাজ হয়ে যায় লাঠি। দেখে মনে হয়, তাই তো, বন্দুকই তো দেখছি, দেখছি কামান, দেখছি উড়োজাহাজ। ভালো লাগে। মান্নান হীরার লেখা লালজমিন নাটকটির মহড়া চলছিল। শূন্যনের প্রযোজনা। মোমেনার একক অভিনয়। মুক্তিযুদ্ধের সময় ১৩ বছর বয়সী একটি মেয়ে বলে যায় তার কথা। তার মুক্তিযুদ্ধ, জীবনযুদ্ধ নিয়ে এগিয়ে চলে কাহিনি। স্বাধীনতার ৪০ বছর পর সে কিশোরী এখন বার্ধক্যের দিকে চলেছে। তার জীবনে ঘটে গেছে ভয়ানক সব ঘটনা। সে কথাই বর্ণনা করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় কী ছিল মেয়েটির স্বপ্ন, তা কি এত দিন পর এসে লিখে জানাতে হবে? ১৪ মার্চ পাণ্ডুলিপি হাতে পাওয়া গেছে। সেদিন থেকেই পাঠ শুরু। ১৫ দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত চলছে টানা মহড়া। সংগীত তৈরি করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। মঞ্চ ও আলোর কাজে নানাভাবে সহযোগিতা করে চলেছেন আসাদ, সানি, নীলা, মমতাজ, জয়, আতিক, মোমেন আর জুয়েল।সাইদুর রহমান বয়াতি, ইসলাম উদ্দিন পালাকারের বর্ণনাত্মক নাট্যরীতির ওপরই নির্ভর করে গড়ে উঠছে লালজমিন-এর শরীর। তবে আলো, শব্দ ইত্যাদির জন্য পশ্চিমের দ্বারও খোলা। ১৯ মে সন্ধ্যা সাতটায় নাটমণ্ডলে হবে প্রেস শো, ২০ মে শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে যে কেউ নাটকটি দেখতে পারবেন।বুঝতে পারছিলাম, অভিনয়শিল্পীর পেছনে যে বিশাল সাদা কাপড়টি আছে, যাতে রয়েছে নানা ধরনের হস্তাঙ্কন, তার একটা বড় ভূমিকা আছে এ নাটকে। শুরুটা দেখতে ইচ্ছে করছিল খুব। সারা দিন মহড়া করে সন্ধ্যা সাড়ে সাতটায় মোমেনার পা গেছে ফুলে। ঠান্ডা আর গরম জলে পা ডুবিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে তাঁকে। সেই অবস্থায়ই সুদীপ বলল, ‘রেডি। থার্ড বেলে যাচ্ছে। ওই লাঠিটা সরান। দর্শক দেখতে পাবে। থার্ড বেল, লাইট, মিউজিক একসঙ্গে ফেডআউট হচ্ছে। ব্ল্যাকআউট। মিউজিক!’মঞ্চে ১৩ বছর বয়সী কন্যা দূর থেকে ভেসে আসা গানের সঙ্গে নাচছে, ‘আসিও আসিও কইন্যা আসিও দুয়ারে...’।