মুক্তিযুদ্ধের শেষ নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে যানবাহন কিংবা মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও শহীদ মিনারে পথনাটক দেখতে আসা উৎসুক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ পথনাটক উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা এবং বক্তৃতার সময় তাঁরা বসে ছিলেন সেখানে। নাটক শুরু হলে নীরব হয়ে উপভোগ করেছেন নাটক। মাঝে মাঝে পছন্দের কোনো সংলাপে হাততালি দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন। আবার নাটকের ‘জয় বাংলা’ স্লোগান শুনে দর্শকসারি থেকে তাঁরাও কণ্ঠ মিলিয়েছেন ‘জয় বাংলা’ বলে। ‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধ শেষে যুদ্ধ চাই’ স্লোগান নিয়ে গতকাল শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে পথনাটক পরিষদের ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০১৩’। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। আলোচক ছিলেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের দলপ্রধান জামাল উদ্দিন হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ। পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে উৎসবের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।বক্তারা গত শুক্রবার বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেন, রাজধানীর বাইরে হলে এই উৎসব করা সম্ভব হতো না। সংস্কৃতিকর্মী এবং পথনাটক পরিষদ সব সময় যুদ্ধাপরাধী এবং স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করছে। তাঁরা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশ থেকে তাদের বিতাড়নের সময় এসেছে। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান।প্রথম দিনে পরিবেশিত হয় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের বর্ণচোরা, দৃষ্টিপাত নাট্যসংসদের জোড়াতালি, গাজীপুরের নাট্যভূমি দলের কানার হাট বাজার, নারায়ণগঞ্জের সংশপ্তক নাট্য দলের ধ্বংসস্তূপ, রাজশাহীর অনুশীলন নাট্যদলের জাগরণের পালা। উৎসবে মোট ৪৪টি পথনাটক পরিবেশিত হবে।উৎসবের অন্য নাটকগুলো হলো মাটি, দড়ি, শিরদাঁড়া, এবং প্রশ্ন, কবর, মুক্তির ছিন্ন দলিল, খেঁকশিয়াল, ঢিল, জাল, ইহা একটি নাটক, আজব বাক্স, ভুক ভুজঙ্গ, সাদা শার্ট, স্বর্ণলতা, ঘাতকের বিচার, জোয়ার, খোয়াব, বহুজাতিক মশা, স্মৃতির মিনার, একটি শহীদ মিনারের ইতিকথা, বিবর্তন, চৈতন্য, দি ম্যাড, খুন, আর কত দিন? রয়েল বেঙ্গল টাইগার, যাহা বলিব সত্য বলিব, ইঁদুর নিধন অভিযান, উদ্বাস্তু, একটি কুকুরের শ্রেণী চরিত্র, রাজাকারের ফাঁসি, লড়াই, পাথর, উজানিয়া, খেলাধুলা, কৈবল্য ইত্যাদি। আগামী ৭ মার্চ উৎসব শেষ হবে। শিল্পকলায় ‘কবর’ মঞ্চস্থ ও স্বাধীনতার গান প্রশিক্ষণ কর্মশালাশিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে আয়োজিত শহীদ মুনীর চৌধুরী স্মরণে দুই দিনব্যাপী আলোচনা সভা ও নাট্যোৎসব গতকাল শেষ হলো। সন্ধ্যায় আরণ্যক নাট্যদলের পরিবেশনায় শহীদ মুনীর চৌধুরী রচিত এবং আবু হাশিম মাসুদ নির্দেশিত নাটক কবর মঞ্চস্থ হয়।এ ছাড়া একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ১০ থেকে ১৪ মার্চ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার গানবিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা।কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম এবং একাডেমীর প্রশিক্ষণ বিভাগের শহীদুজ্জামান স্বপন।লোকালপ্রেসের যাত্রা শুরু আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল প্রকাশনা সংস্থা লোকালপ্রেস। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে তাদের প্রকাশিত ১৩টি গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা ঘোষণা করলেন ওই প্রকাশনার শুভযাত্রা।গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ হায়াৎ মামুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব অজয় রায়, নিসর্গবিদ দ্বিজেন শর্মা, মুক্তিযোদ্ধা সংগঠক জিয়াউদ্দিন তারেক আলী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক রণেশ মৈত্র প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লোকালপ্রেসের অন্যতম স্বত্বাধিকারী লাইলা খালেদা। অনুষ্ঠানে লোকালপ্রেস থেকে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।