মুক্তিযুদ্ধের শৈল্পিক উপস্থাপনা

একজন শিল্পীর মনে যদি হঠাৎ বিদ্যুতের মতো মুক্তিযুদ্ধের কোনো কাজের কথা মনে পড়ে যায়, তাহলে সেটি কোনটি? দেশ স্বাধীন হয়েছে ৪৩ বছর আগে। কিন্তু বিজয়ের সেই মুহূর্ত এবং মুক্তিযুদ্ধ এখনও উঠে আসছে নানা শৈল্পিক মাধ্যমে। আমরা নবীন–প্রবীণ কয়েকজন শিল্পীর কাছে জানতে চেয়েছিলাম নিজ মাধ্যমে মুক্তিযুদ্ধের শৈল্পিক উপস্থাপনার কোন দৃশ্যটি সবচেয়ে গাঢ় হয়ে আছে? চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতের তারকারা দিলেন এই প্রশ্নের উত্তর।
চলচ্চিত্র

রাজ্জাক
মুক্তিযুদ্ধভিত্তিক অনেক ছবিতে অভিনয় করেছি। এরমধ্যে চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন ছবিটি আমার কাছে ভালো লেগেছে। আলোর মিছিল ছবিটার কথাও উল্লেখ করতে চাই। এই ছবিতে যুদ্ধকালীন ও যুদ্ধ–পরবর্তী সময়ের ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর দৃশ্যের কথা যদি বলতে হয়, তাহলে বলব আলোর মিছিল ছবির একটি দৃশ্যের কথা । ছবিটিতে আমার ভাগনির চরিত্রে অভিনয় করে ববিতা। আন্দোলনের সময় তাঁর মৃত্যুর দৃশ্যটা মনে রাখার মতো। বললে হয়তো খারাপ শোনাবে, তারপরও বলতে চাই— স্বাধীনতা–পরবর্তী সময়ে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণাঙ্গ ছবি তৈরি করা সম্ভব হয়নি। যেসব ছবি তৈরি করা হয়েছে সেসব ছবিতে মুক্তিযুদ্ধের সত্যিকারের চিত্র ফুটে ওঠেনি।

ববিতা
আমার মতে মুক্তিযুদ্ধের সেরা ছবি সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী। সুভাষ দত্তের এই ছবিটির কাজের জন্য দেশ স্বাধীন হওয়ার পরপরই আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে যাই। আমরা যেখানে শুটিং করছিলাম, সেখানে যুদ্ধের সময় মারা যাওয়া অনেক মেয়ের হাতের ছাপসহ আরও নানা নমুনা দেখি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের কঙ্কাল। ছবিটিতে আমি গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম রোমেনা। ছবিতে পাকিস্তানি আর্মি আমাকে ধর্ষণ করে। আমারই সামনে আমার পরিবারের সবাইকে মেরে ফেলে। অথচ তারা শুধু আমাকেই মারেনি। এমনভাবে দত্তদা আমাকে সব বুঝিয়েছেন যে, আমি যখন শুটিং শুরু করছি তখন মনে হচ্ছিল, আমি রোমেনা, এই গ্রামেরই একটি মেয়ে। ওইরকম একটি পরিবেশের মধ্যে কাজ করতে গিয়ে আমারও সত্যিকার অর্থে মনটা অন্যরকম হয়ে গিয়েছিল। তাই শুটিংয়ের সময় খুব সাবধানে পথ চলতে হয়েছে। রোমেনা চরিত্রটি ও শুটিং এলাকার পরিবেশ মিলিয়ে আমার সত্যি সত্যি মনে হচ্ছিল যে চরিত্রে অভিনয় করছি, তা আমার জীবনে ঘটছে। একে তো শুরুর দিকের ছবি, তারপর চরিত্রের এতটাই গভীরে আমি ঢুকে গিয়েছিলাম কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব না।

পপি
মুক্তিযুদ্ধের সময় তো আমার জন্ম হয়নি। বই পড়ে আর পরিচিতজনদের মুখ থেকে মুক্তিযুদ্ধের নানা গল্প শুনেছি। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি দেখা হয়েছে। সবগুলো ছবিই কমবেশি ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওরা এগারো জন ছবিটি। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারণ , আমি নিজেও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত একটি ছবিতে অভিনয় করেছি। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। জীবন যন্ত্রণা নামের এই ছবিতে আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে অভিনয় করেছি।
সংগীত

আলাউদ্দীন আলী
বাংলা গান বলি আর দেশের গানই বলি না কেন, ‘জয় বাংলা, বাংলার জয়’ আমার শোনা সবচেয়ে প্রিয় গান। এটির ওপরে আর দেশের গান হয় বলে আমার মনে হয় না। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা মূখ্য ভূমিকা রাখে এই গানটা। মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য যা যা দরকার ছিল গানটির মধ্যে সব উপাদানই ছিল। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য একটা গানই যথেষ্ট। আর ছবি হলো জীবন থেকে নেয়া।

সাবিনা ইয়াসমিন
দেশের গানের ক্ষেত্রে একটি প্রিয় গান বলা খুব মুশকিল। তারপরও যদি বলতে হয় সেটা অবশ্যই ‘সবকটা জানালা খুলে দাও না’। লিখেছেন নজরুল ইসলাম বাবু, আহমেদ ইমতিয়াজ বুলবুল সুর করেছেন। স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের অনেক মানুষ প্রাণ দিয়েছে। তাঁদের জীবন দানের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ত্রিশ লক্ষ প্রাণ যারা দিয়েছেন তাঁদের আত্মার প্রতি আমি এই গানটার মধ্য দিয়ে সন্তুষ্টি খুঁজে বেড়াই। শ্রদ্ধা জানাই। যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁরা তো আর মানুষ হয়ে আসবে না, তবে তাঁরা ঠিকই আসবেন। যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন তাঁদের আত্মা আমাদের কাছে আসবে চুপি চুপি। স্বাধীন দেশকে তাঁরা দেখবে। এই ভাবনাটার কারণে গানটি আমার কাছে বিশেষভাবে ভালো লাগে।

বাপ্পা মজুমদার
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’—এই গানটি আমার মতে দেশের গানের মধ্যে অন্যতম সেরা গান। প্রথম কারণ হচ্ছে, এটা স্বাধীন বাংলা বেতারের গান। দ্বিতীয়ত, এটা সমর কাকার (সমর দাস) কম্পোজিশন। লিখেছেন গোবিন্দ হালদার। তৃতীয়ত, এই গান শুনলে শরীরের ভেতর এক ধরনের রক্ত গরম করা অনুভূতি তৈরি হয়। সব চেয়ে বড় কথা, অদ্ভুতরকম দেশাত্মবোধ, দেশপ্রেম, দায়িত্ববোধ, দেশকে নিয়ে ভাবার, দেশকে ভালোবাসার জন্য যতগুলো উপাদান প্রয়োজন ততগুলো উপাদান আমি গানটাতে পাই। আমি এও বলতে চাই, ওই সময়ে যতগুলো দেশের গান তৈরি হয়েছে, সবগুলোতেই দেশাত্মবোধ, দেশপ্রেম, দায়িত্ববোধের ব্যাপারগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা কথা— গানটির গীতিকার-সুরকার-গায়কই নয়, আমি সমানভাবে শ্রদ্ধা জানাই তাঁদের, যারা গানটির শব্দ গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন, মিক্সিং করেছেন।
নাটক

রাইসুল ইসলাম আসাদ
আমার কথাটি শুনতে উন্নাসিকের মতো শোনাবে। কিন্তু আমার কাছে আমার ধারণাই সত্যি বলে মনে হয়। আমি মনে করি, স্বাধীন দেশে এখনো পর্যন্ত কোনো নাটকে মুক্তিযুদ্ধের আসল চিত্র তুলে আনা যায়নি। মনে দাগ কাটার কথা তো অনেক দূরের কথা।

বিপাশা হায়াত
অভিনয়ের পাশাপাশি আমি তো অনেক দিন থেকেই নাটক লিখছি। আমার মনে হলো, আজকের প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগাতে হবে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আমি প্রথম লিখেছিলাম নাটক বোধ। পরিচালনা করেছিলেন আবুল হায়াত। একজন মুক্তিযোদ্ধা খুন হয়েছেন—পত্রিকায় এই খবর দেখে তেমন গুরুত্ব দেয়নি আজকের প্রজন্মের একটি ছেলে। শেষে বাবার অনুরোধে সে ছুটে যায় ঘটনাস্থলে। জানতে পারে, একজন রাজাকার নিজেকে মুক্তিযোদ্ধা সাজিয়ে সরকারের কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিচ্ছে। কিন্তু ওই মুক্তিযোদ্ধা তার জন্য বড় বাধা। আর এ কারণেই মুক্তিযোদ্ধাকে প্রাণ দিতে হয়। এই ছেলেটির পেছনে লাগে রাজাকারের চর। তারা ছেলেটিকে হুমকি দেয়। কিন্তু ছেলেটি এখন অনেক সাহসী। সে ভয় পায় না। তার মুখ থেকে উচ্চারিত হয়, ‘আমি বারবার আসব।’ ১৩ বছর আগে এনটিভিতে নাটকটি প্রচারিত হয়। এরপর আরও অনেকবার নাটকটি দেখানো হয়েছে।
স্ফুলিঙ্গ নাটকটির গল্প একটি চিঠিকে ঘিরে। যুদ্ধের সময় লেখা একজন শহীদ মুক্তিযোদ্ধার চিঠি পেয়ে ৩২ বছর পর নতুন করে উজ্জীবিত হয় তার পরিবার। প্রতি মুহুর্তে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখে তারা। এই নাটকটির পরিচালক আরিফ খান। প্রচারিত হয়েছিল চ্যানেল আইয়ে। আরেকটি কাজ করেছিলাম চ্যানেল টোয়েন্টিফোরের জন্য। নাম চিঠি। পরিচালক তৌকীর আহমেদ। একাত্তরের চিঠি বই থেকে অনুপ্রাণিত হয়ে পাঁচ পর্বের এই নাটকটি লিখেছিলাম। একজন মুদ্রাক্ষরিকের গল্প। একটি চিঠি দেখে চমকে ওঠে সে। মুক্তিযুদ্ধের সময় চিঠিটি সে তার প্রেমিকাকে লিখেছিল। এই তিনটি কাজই আমার কাছে এই মুহুর্তে উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে।

অপি করিম
খুব সম্ভবত নাটকটির নাম সাত আসমানের সিঁড়ি। একদম ছোটবেলায় নাটকটি দেখি। অভিনয় করেছিলেন হুমায়ূন ফরীদি, সিডনী আংকেল এবং খুব সম্ভবত ডলি ইব্রাহিম । এটি আমার কাছে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের দেখা সেরা নাটক। ছোটবেলায় ফরীদি ভাই ও সিডনী আংকেলদের অভিনয় দেখার কারণে কিনা তাও জানি না। অভিনয়, গল্প সব মিলিয়ে এটি একটি অনবদ্য নাটক ছিল। এখানে একটা দৃশ্য ছিল, গোল সিঁড়ি দিয়ে ফরীদি ভাই ওপরে উঠতে থাকেন। দৃশ্যটা এতটাই অন্যরকম ছিল যে এখনো তা আমার মনের মধ্যে গেঁথে আছে।