মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে ‘সোহাগপুর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের নাম কাকরকান্দি। কাকরকান্দির গারো পাহাড়ের কোল ঘেঁষে একটি গ্রাম, নাম সোহাগপুর। ২৫ জুলাই, ১৯৭১। রাজাকার-আলবদর বাহিনীর প্রত্যক্ষ মদদ ও অংশগ্রহণে পাকিস্তানি হানাদার বাহিনী ছয় ঘণ্টায় নির্বিচারে গুলি করে ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। তাঁদের মধ্যে সবাই ছিলেন পুরুষ। পাকিস্তানি সেনারা একসময় চলে যায়। পেছনে ফেলে যায় লাশ আর লাশ। তারপর কী হয়েছিল সেদিন? এত লাশ নিয়ে সোহাগপুরের নারীরা কী করেছিলেন? এ ঘটনা অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন মামুন-উর-রশীদ। গতকাল শনিবার সকালে এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়।