অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে দেশের সব জেলায় ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের আয় বৃদ্ধির সুবিধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে এ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১১৯ কোটি টাকা, প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালে। জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধাদের স্মৃতি সমুন্নত রাখার পাশাপাশি তাঁদের প্রতি সম্মান জানাতে এসব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভবন নির্মাণে দরপত্র আহ্বানের জন্য প্রকল্প পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এ প্রকল্পসহ মোট আটটি প্রকল্প হাতে নিয়েছে; এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫০ কোটি টাকা। সবগুলোই ২০১৩ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি অমর করে রাখতে দেশের ৩৫টি গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত জাতীয় ঘটনাকে উপলক্ষ করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ভৌত অবকাঠামো সৃষ্টি করা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে চারটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র: ১৯৭১ সালের ১৭ এপ্রিল প্রথম সরকারের শপথ গ্রহণ, ঐতিহাসিক ঘটনাপ্রবাহের স্মৃতি, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাসমৃদ্ধ তথ্য ও নিদর্শন দেশবাসী ও ভবিষ্যৎ প্রজম্মের কাছে তুলে ধরতে এ স্মৃতিকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেরপুরের মুজিবনগরে স্থাপিত এ প্রকল্প নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৮ কোটি টাকা। সম্মুখসমরের স্থান সংরক্ষণ: এ প্রকল্পের অধীনে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সম্মুখসমরের স্থানগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ১০ জেলার ১৪টি স্থানে সম্মুখসমরের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল: মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ হাসপাতালে সাধারণ মানুষও স্বাস্থ্যসেবা নিতে পারবে। রাজধানীর মিরপুরে এ হাসপাতাল নির্মাণের কথা থাকলেও পরে তা তেজগাঁওয়ে নির্মাণের প্রাথমিক স্থাপত্য নকশা প্রণয়ন করা হয়। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ব্যয় হবে ১০ কোটি টাকা। গজনবী সড়কে বহুতল ভবন: মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী সড়কে নির্মিত হচ্ছে ১৩ তলাবিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন। এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। মার্চের প্রথম সপ্তাহে এ ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইলে ২০ কাঠা জমির ওপর মুক্তিযোদ্ধা কল্যাণ ভবন এবং ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে। বিবেচনাযোগ্য প্রকল্প: মুক্তিযোদ্ধাদের জন্য যেসব প্রকল্প বিবেচনাধীন রয়েছে সেগুলো হচ্ছে: মুক্তিযুদ্ধকালে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, বধ্যভূমি সংরক্ষণ এবং বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ নির্মাণ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাগার ডিজিটালাইজেশন সেন্টার স্থাপন ও গণ-উদ্বুদ্ধকরণ প্রকল্প, মুক্তিযোদ্ধা কাউন্সিল শক্তিশালীকরণ প্রকল্প, মর্যাদাহীন কাজে নিয়োজিত মুক্তিযোদ্ধাদের পেশাগত উন্নয়নে আর্থিক সহায়তা প্রকল্প, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক সংগ্রহ ও বিতরণ, মুক্তিযোদ্ধাপল্লি ও ভবন নির্মাণ ইত্যাদি।