মুক্তির অপেক্ষায় 'নদীজন' ও 'প্রার্থনা'

সেন্সর ছাড়পত্র পেল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি নদীজন ও প্রার্থনা। এই দুটি ছবিই এখন আছে মুক্তির অপেক্ষায়। তারিখ চূড়ান্ত না হলেও নদীজন-এর পরিচালক শাহনেওয়াজ কাকলী ও প্রার্থনার পরিচালক শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, খুব শিগগির ঘোষণা করা হবে ছবি মুক্তির দিন।
শাহনেওয়াজ কাকলী পরিচালিত নদীজন ছবির মূল গল্প শেখ জহিরুল হকের। গত বছর কুষ্টিয়ায় ছবিটির শুটিং হয়। এতে অভিনয় করেছেন তমা মির্জা, প্রাণ রায়, শর্মিমালা, মামুনুর রশীদ, নিরব প্রমুখ। কাকলী বলেন, ‘বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছি ছবিটি। এর কলাকুশলীরা অনেক পরিশ্রম করেছেন। শেষ পর্যন্ত দর্শকদের কাছে ছবিটি পৌঁছে যাচ্ছে, এটা ভেবে ভালো লাগছে।’ শাহনেওয়াজ কাকলী এর আগে জলরং ও উত্তরের সুর নামে দুটি ছবি নির্মাণে করেছেন। তবে এর মধ্যে জলরং এখনো মুক্তি পায়নি।

এদিকে কাছাকাছি সময়েই সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রার্থনা। দুই দিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটির ছাড়পত্র মেলায় দারুণ খুশি জয়। তিনি বললেন, ‘১৮ বছর ধরে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত। এই দীর্ঘ সময়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা ছবি পরিচালনার ক্ষেত্রে কাজে লাগিয়েছি। এখন সুবিধাজনক সময় দেখে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’ প্রার্থনা ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন জয়। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন নওশীন ও কল্যাণ।