মুক্তির অপেক্ষায় 'রিনা ব্রাউন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির অপেক্ষায় আছে শামীম আখতারের নতুন ছবি ‘রিনা ব্রাউন’। এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। সরকারি অনুদান পাওয়া এই ছবিটির মুক্তির জন্য আগামী নভেম্বর মাসকে বেছে নিয়েছেন পরিচালক। বললেন, ‘আসছে নভেম্বরেই মুক্তি দেওয়ার ইচ্ছা। ছবিটির সহযোগী প্রযোজক হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম। তাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
‘রিনা ব্রাউন’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন প্রমা পার্বণী ও বরুণ চন্দ। শুটিং হয়েছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। ছবিটির নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘সপ্তপদী’-এর মূল চরিত্র রিনা ব্রাউনের নামে হলেও পরিচালক জানিয়েছেন, উপন্যাসের সঙ্গে ছবির কোনো মিল নেই। এটি অন্য এক রিনা ব্রাউনের গল্প।
শামীম আখতার এর আগে ‘ইতিহাস কন্যা’ ও ‘শিলালিপি’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। দুটি ছবিতেই অভিনয় করেছেন প্রমা।