মুক্তির আগেই জাতীয় পুরস্কার পেল 'শঙ্খচিল'

গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবিটি দর্শক দেখতে পাবেন পয়লা বৈশাখ থেকে। যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি পাবে ১৪ এপ্রিল। কিন্তু তার আগেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘শঙ্খচিল’। আজ ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার এই পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে ‘শঙ্খচিল’।
পুরস্কার ঘোষণার পর আজ সোমবার সকালে কলকাতা থেকে মুঠোফোনে গৌতম ঘোষ বলেন, ‘আমার যৌথ প্রযোজনার আরেকটি ছবি “মনের মানুষ” ২০১০ সালের ৪ নভেম্বর মুক্তি পেয়েছিল। তার আগের দিন গোয়া আন্তর্জাতিক উৎসবে ছবিটি ‘স্বর্ণময়ী’ পুরস্কার পায়। এই পুরস্কার পাওয়ায় ওই সময় ছবিটি গণমাধ্যমে দারুণ প্রচার পেয়েছিল। এবার “শঙ্খচিল” ছবির ক্ষেত্রেও তেমনটি হলো।’ তিনি বলেন, ‘আশা করছি, মুক্তির তিন সপ্তাহ আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার বিষয়টা আমাদের ছবির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’
‘শঙ্খচিল’ ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র আর ভারতে প্রসেনজিতের প্রযোজনা প্রতিষ্ঠান এন আইডিয়াস লি.।
গৌতম ঘোষ আরও জানান, ১৯৪৭ সালের দেশভাগ ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শঙ্খচিল’।
মুক্তির আগেই পুরস্কার পাওয়া প্রসঙ্গে আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান জানিয়েছেন, ভারতে ‘শঙ্খচিল’ ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গত বছর ডিসেম্বর মাসে। ওখানে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড ছবি দেখতে পারে।
‘শঙ্খচিল’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম শিকদার, সাজবাতি প্রমুখ।