৫৫-তে পড়েছেন মালা। আর তাঁর স্বামী কিষানের চলছে ৬০। ঘরে যুবক ছেলে, অথচ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও মালা-কিষানের কথার যুদ্ধ যেন শেষ হয় না। জন্মের পর থেকে বাবা-মায়ের এই লড়াই দেখে ‘বিয়ে’ শব্দটার ওপর ঘেন্না ধরে গিয়েছে ছেলে বান্টির। দিশেহারা বান্টি একদিন প্রেমিকার বিজ্ঞানী বাবার আবিষ্কার টাইম মেশিনে চড়ে পাড়ি জমায় ৩০ বছর আগে। বান্টির মা যখন মহল্লার সুপরিচিত ‘টমবয়’। আর বাবা? মায়ের প্রেমে পাগল এক অসহায় যুবক। বাবাকে বান্টি কীভাবে মায়ের যোগ্য করে গড়ে তুলবে, কীভাবে বাবা-মায়ের সম্পর্কে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠা করবে—তা নিয়েই অ্যাকশন রিপ্লে। ১৯৯৪ সালে একই কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল গুজরাটি মঞ্চনাটক অ্যাকশন রিপ্লে। ১৬ বছর পর একই নামে চলচ্চিত্র নির্মাণ করলেন নাটকটির কাহিনিকার, পরিচালক বিপুল শাহ। কিষান, মালা, বান্টির চরিত্রে এবার অভিনয় করেছেন অক্ষয় কুমার, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আদিত্য রায় কাপুর। অ্যাকশন রিপ্লে এ মুহূর্তে বলিউডের ‘রেড হট’ ছবিগুলোর মধ্যে একটি। আগামী সপ্তাহে দিওয়ালির মতো বড় উৎসবে মুক্তি পাচ্ছে এ ছবি। ৪০ কোটি রুপির অ্যাকশন রিপ্লে ইতিমধ্যেই পিভিআরের কাছে বিক্রি হয়েছে ২৬ কোটি রুপিতে। স্যাটেলাইট, মিউজিক, হোম ভিডিও স্বত্বসমেত ইতিমধ্যেই মূলধন উঠে এসেছে প্রযোজকের পকেটে। ছবি মুক্তির পর যা আয়, পুরোটাই লাভের খাতায়। দুই ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের এ ছবির মাধ্যমেই রোমান্টিক-কমেডি ছবিতে একসঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন অক্ষয়-ঐশ্বরিয়া। ছয় বছর আগে খাকি ছবিতে অবশ্য প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। পরিচালক বিপুল শাহ এর আগে অক্ষয়কে নিয়ে আঁখে, ওয়াক্ত, নমস্তে লন্ডন, সিং ইজ কিং নির্মাণ করেছিলেন, যার প্রতিটিই ব্যবসাসফল। প্রথম তিনটি ছবিতেই তিনি নায়িকা হিসেবে চেয়েছিলেন ঐশ্বরিয়াকে। এবার অবশ্য বিপুল প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, মালা চরিত্রে তাঁর ঐশ্বরিয়াকে চাই-ই চাই। কারণ, এ মুহূর্তে বলিউডে অন্য কোনো টাইমলেস বিউটি নেই, যিনি একই সঙ্গে ২০ বছরের তরুণী, এমনকি যুবক ছেলের মায়ের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় ফুটিয়ে তুলতে পারবেন। পরিচালক বলেন, অ্যাকশন রিপ্লে-তে ‘আমি চেয়েছি ঐশ্বরিয়ার আমুদে ব্যক্তিত্বটি ফুটিয়ে তুলতে। ‘শপিং প্রিয়’ চরিত্র বলে ছবিতে ঐশ্বরিয়া রেকর্ড, ১২৫টি পোশাক পরেছেন। প্রীতমের সংগীত পরিচালনায় ইতিমধ্যেই ছবির ‘জোর কা ঝাটকা’, ‘ছান কে মহল্লা’, ‘নাখরে’, ‘বেখাবার’—প্রতিটি গানই হিট। হলিউডের অস্কারজয়ী রূপসজ্জাকর পল প্যাটিসন (ব্রেভ হার্ট, মিশন ইম্পসিবল-২) এ ছবিতে অক্ষয়-ঐশ্বরিয়াকে ৬০ বছরের বৃদ্ধে রূপ দিয়েছেন। ছবিতে অক্ষয়ের তিনটি সাজ। এর জন্য তিন রকমের পরচুলা তৈরি করেছেন পল। জুনিয়র আর্টিস্টদের জন্য তাঁকে আরও ৪০০ পরচুলা তৈরি করতে হয়েছে। অক্ষয় বলেন, ‘ভারতে গরমের মধ্যে দিন-রাত এই পরচুলা, গরম পোশাক এমনকি মুখে বৃদ্ধ সাজ নিয়ে বসে থাকতে হতো—সে এক ভয়ানক অভিজ্ঞতা। আমি আজ ঘোষণা দিচ্ছি, এরপর হয়তো কোনো দিন জ্বলন্ত উড়োজাহাজ থেকে লাফ দিতে পারব, কণ্টকময় জঙ্গলেও শুয়ে থাকতে পারব, কিন্তু এ ধরনের মেকআপ নিয়ে আর কোনো দিন অভিনয় করতে পারব না। শুটিং করতে গিয়ে পা ছবির অমিতাভ বচ্চনের কথা বারবার মনে পড়ছিল। তিনি আসলেই জিনিয়াস।’ অক্ষয় বলেন, ছবিতে তরুণ কিষানের সাজটি ধার করা হয়েছে সুনীল দত্তের জখমি (১৯৭৫) ছবি থেকে। ছবির কাজে এতটাই ডুবে গিয়েছেন অক্ষয় যে গত ২২ সেপ্টেম্বর থেকে ঘরে-বাইরে যেখানেই যাচ্ছেন, সত্তরের স্টাইলকে সঙ্গে নিয়ে চলেছেন। মুম্বাইয়ের একটি নাইট ক্লাবেও গত সপ্তাহে সশরীরে হাজির অক্ষয়। উপলক্ষ সে রাতের ডিজের ভূমিকা পালন করা। ৪৫ মিনিট সত্তরের দশকের গানগুলো বাজিয়ে ৪০০ দর্শককে নাচিয়েছেন অক্ষয়। কেবিসি-৪-এ অমিতাভের সঙ্গে হট সিটে বসেছেন অক্ষয়-ঐশ্বরিয়া। প্রচারণার অংশ হিসেবে ২৫ অক্টোবর সত্তরের দশকের বিখ্যাত ইমপালা গাড়ি নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন দুজনে। সারা শহরে প্রেমিক যুগলদের ‘ভালোবাসার টিপস’ বিতরণ করে বেড়িয়েছেন এই দুই ‘লাভ গুরু’। জিটিভিতে ৩১ অক্টোবর তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠান অ্যাকশন রিপ্লে ধিনচাক দিওয়ালি প্রচারিত হবে। যেখানে সত্তরের দশকের গানের সঙ্গে নাচবেন অক্ষয়, ঐশ্বরিয়া, নেহা ধূপিয়াসহ ছোট পর্দার তারকারা। উপস্থিত থাকবেন সত্তরের দশকের সুপারস্টার রাজেশ খান্না, হেলেনসহ আরও অনেকে। অ্যাকশন রিপ্লে-রই একটি গানে অক্ষয় তাঁর শ্বশুর রাজেশ খান্না এবং ঐশ্বরিয়া তাঁর শাশুড়ি জয়া বচ্চনের সাজ অনুকরণ করেছেন। এসব দেখে প্রশ্ন জাগে টাইম মেশিনে করে অতীতে ফিরে যাওয়ার সুযোগ থাকলে অক্ষয় কী করতেন? প্রশ্ন শুনে নায়ক চুপ। খানিক বাদে মুখ খোলেন—‘বাবার চিকিৎসার ব্যাপারে আরও মনোযোগী হতাম। অন্তত চোখের সামনে বাবাকে মরতে দিতাম না। এখন আমার অর্থকড়ির অভাব নেই। কিন্তু মা-বাবার হাসিটা খুব মিস করি। ক্যানসারে ধুকে ধুকে বাবা চোখের সামনে চলে গেলেন। এই কষ্টটা আসলে আমি সারা জীবনই বয়ে বেড়াব।’ রুম্মান রশীদ খান, তথ্যসূত্র: ওয়বসাইট