মুক্তির উৎসবে মুখর নবীন প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল আটটা। শুক্রবার ছুটির দিনের সকাল। হাজার খানেক শিশু-কিশোরের হর্ষধ্বনি, গান ও ঢাকঢোলের ঐকতানে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের মাঠ। যেদিকে দৃষ্টি যায় চোখে পড়ে কেবলই লাল-সবুজ। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তির উৎসবে শামিল হয়েছে এই নবীন প্রজন্ম। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযোদ্ধাদের কখনো ভুলে না যাওয়ার শপথ নিয়েছে তারা। একই সঙ্গে দাবি তুলেছে, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার। মুহুর্মুহু তারা ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত করে তুলেছিল চারপাশ।উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে অংশ নিয়েছিলেন জাতির শ্রেষ্ঠসন্তান মুক্তিযোদ্ধারা। ভোর থেকেই শুরু হয়েছিল নাম নিবন্ধন। লাল-সবুজ পোশাক ও টুপি মাথায় দলে দলে শিক্ষার্থী উপস্থিত হতে থাকে উৎসবের কেন্দ্রে। জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব। সেগুনবাগিচা হাইস্কুলের অর্কেস্ট্রা দল মাঠ প্রদক্ষিণ করে। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আলী যাকের। তিনি বলেন, ‘একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাই পারে সব ক্ষেত্রে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে। আর তাই আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে।’ উৎসবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হওয়ারও শপথ নেয়। তারা শপথবাক্যে এ কে খন্দকারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দীপ্তকণ্ঠে ঘোষণা করে ‘সব ব্যর্থতা অতিক্রম করে গত চার দশকের অর্জনগুলো সুরক্ষা করব। সব ধর্ম ও জাতিসত্তার মানুষের সম-অধিকার নিশ্চিত করে একটি মানবিক সমাজ গড়ে তুলব।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর, মফিদুল হক, স্থপতি রবিউল হুসাইন, জিয়াউদ্দিন তারিক আলী, সারওয়ার আলী প্রমুখ। ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘প্রতীকী ইট ক্রয়ের’ মাধ্যমে জাদুঘরের ভবন নির্মাণে সহযোগিতা করে।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, বুলবুল ইসলাম, বাপ্পা মজুমদার প্রমুখ। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি গার্লস স্কুল, বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, চুয়াডাঙ্গার মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, বধ্যভূমির সন্তান দল, ব্রাহ্মণবাড়িয়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মাইলস্টোন কলেজ, ঢাকা কমার্স কলেজ, ইউসেপ স্কুলসহ ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি দিয়ে উৎসব জমিয়ে তোলে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।