মুক্তির নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেদওয়ান রনির মনিটরে একাত্তরের দৃশ্য িনর্মাণ
রেদওয়ান রনির মনিটরে একাত্তরের দৃশ্য িনর্মাণ

আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের জন্য মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ এক অসাধারণ অভিজ্ঞতা। কল্পনায় নিজেকে যোদ্ধা ভেবে একাত্তরের সেই উত্তাল সময়ে বিচরণ করতে গেলে হয়তো একটু আঁচ পাওয়া যায়, কী অসীম সাহস নিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়ায় সেই সময়টাকে সঠিকভাবে ধারণ করে পর্দায় ফুটিয়ে তোলা। চরিত্রের সঠিক সাজসজ্জা, সঠিক শিল্প নির্দেশনা, নিখুঁত স্ক্রিপ্টের সঙ্গে উত্তাল অনুভূতির নির্দেশনা যোগ হলেই কেবল মুক্তিযুদ্ধের সময়টাকে দর্শকের সামনে উপস্থাপন করা যায়।

বিজয়ের এই ৪৭ বছর পূর্তিতে এবার আমি নির্মাণ করেছি এমন এক বন্ধুত্বের গল্প, যা ১৯৭১–এর সময়কালের সঙ্গে ২০১৮–এর সংযোগ ঘটায়—দেশ গড়ার একই অনুভূতির সংমিশ্রণে। দর্শক একই সময়ে পর্দায় ১৯৭১–এর বিজয় ও ২০১৮ সালের সাফল্যের গল্প দেখার সুযোগ পায়। ৭১-১৮ টাইম ট্রাভেলিং? কীভাবে সম্ভব? দর্শকের হাতে থাকবে টাইম মেশিনের সুইচ। পর্দায় ক্লিক করলে একই চরিত্রের রূপায়ণে দেখতে পাবে ১৯৭১–এর বিজয়ের গল্প, আবার ক্লিক করলেই ফিরে এসে সেই শিল্পীদেরই দেখবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। চালেঞ্জিং বটে!

রেদওয়ান রনি
রেদওয়ান রনি

শুরুর গল্প
বিজয়ের গল্প বলার সম্পূর্ণ নতুন এই আইডিয়া এসেছে বিটপী অ্যাডভারটাইজিংয়ের সাকিব চৌধুরী, মোস্তফা মনোয়ার ও ফারুক শামসের কাছ থেকে। এয়ারটেলের বিজয় দিবসের ক্যাম্পেইন হিসেবে গল্পটি তৈরি করা হয়। ইমরান ভাই প্রথম যখন এই গল্পটা শোনান, তখন থেকেই এটা নির্মাণের উত্তেজনা ভর করে আমার ওপর। এয়ারটেলে কর্মরত বন্ধু রিন্টুকে একবার ফোন দিই, আবার দিই বিটপীর আহসান ভাইকে, ‘কবে করব শুটিং? তাড়াতাড়ি সব লক করে চলেন ঝাঁপিয়ে পড়ি।’

প্রি–প্রোডাকশন
সময় খুবই অল্প ছিল হাতে। মোটামুটি সারা দিন পরিশ্রম করেও ইউনিট কূল পাচ্ছে না। কাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। একই চরিত্রকে ১৯৭১ ও ২০১৮–তে প্রেজেন্ট করতে হবে। এ সময়ের চরিত্রের রূপায়ণ তো আমাদের জানা। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের গল্প বাবা–দাদাদের কাছে শুনেছি, তাদের জন্য সে সময়ে নিজেকে নিয়ে যাওয়া খুব কঠিন। সেই সময়ের উপস্থাপনা করার জন্য প্রচুর পড়াশোনার দরকার।

জালালের গল্প–এর চিত্রগ্রাহক পলাশ ধারণ করবে চিত্র, আমাদের মিটিং, ফ্রেমে কী কী কীভাবে রাখলে বিজয়ের গল্প হবে সঠিক, একই মাপের ফ্রেমে ২০১৮–এর গল্পও মিলে যাবে, পুরোপুরি সেই গবেষণা চলতে থাকল অনবরত। সহকারী পরিচালক কনক জানাল মগবাজার টিএন্ডটি কলোনির ভেতরটায় এখনো সেই সময়ের ছাপ রয়ে গেছে, ঠিকঠাক শিল্প নির্দেশনায় ধরা যাবে মুক্তির সেই উত্তাল সময়টাকে। কারিগরি চ্যালেঞ্জ ছাড়াও আমার নিজের মানসিক প্রস্তুতি গড়ে তোলাও খুব জরুরি ছিল।

মুক্তিযুদ্ধের দেখা ছবিগুলো আবারও দেখতে বসলাম, বারবার লোকেশনে যাই, আমাদের দ্বিধা বাড়ে—আচ্ছা, ওই সময় কি রাস্তায় এ রকম ফুটপাত ছিল, টিন ছিল ছাদে; এই সময়ের ইলেকট্রিক পোলগুলো একাত্তরের ফ্রেমে কীভাবে ঢাকব?—এমন নানান প্রশ্ন মাথায় যুদ্ধ শুরু করে। সেই সময়ের আবহ ফুটিয়ে তুলতে সরঞ্জাম জোগাড়ও এক বিশাল ব্যাপার ছিল। এর মধ্যে প্রযোজক মীম রশিদ ও নির্বাহী প্রযোজক সাগর বারবার মনে করিয়ে দেয়—‘যা–ই করো না কেন, বাজেট কিন্তু ফিক্সড!’ প্রস্তুতির সময় পরীক্ষার দিন যেমন এক লাফে সামনে চলে আসে, শুটিংয়ের আগে আমার সেই অবস্থা। মনে হচ্ছিল, আরেকটু সময় পেলেই ‘লেটার মার্কস’।

লাইট ক্যামেরা অ্যাকশন
পাকিস্তানি আর্মিদের চেকপোস্ট পার হতে হবে মুক্তিযোদ্ধাদের, ধরা পড়লেই গুলি এসে ঝাঁঝরা করে দেবে বুক। অপারেশন ভেস্তে যাবে। তাই দৃষ্টি প্রতিবন্ধীর সাজে এগিয়ে চলছে অকুতোভয় দুই মুক্তিযোদ্ধা বন্ধু। পলাশ ক্যামেরা তাক করে প্রস্তুত। অ্যাকশন বলার ঠিক আগমুহূর্তে এল বাধা। এলাকার স্থানীয় এক নেতার হুমকি এল, ‘এই শুটিং বন্ধ, এইখানে এই সব হবে না’।
অন্যায়ভাবে শুটিংয়ে বাধা, দুর্ব্যবহার, হাত থেকে মোবাইল প্রায় কেড়ে নেওয়ার জোগাড়। পরে লোকেশন অনুমতির লিখিত কাগজপত্র দেখানোর পর সেই ঝামেলা কেটে যায়। প্রথম দৃশ্য ধারণের আগেই মুড খারাপ হয়ে গেল আমার। নিজেকে বোঝালাম, ভালো কাজে আজীবন কিছু বাধা আসে, প্রতিকূলতা ভেঙে সামনে এগোনোই বিজয়। বিজয়ের নেশায় কাজে মনোযোগী হই আমি ও পুরো পপকর্ন টিম।
রাত দুইটা পর্যন্ত চলল দৃশ্যধারণ। শুটিংয়ের পুরো সময়টাতে প্রতিটা শটে আমার মনে হতে লাগল, এই আমি এখন একাত্তরে। ওই তো আমাদের মুক্তিযোদ্ধারা প্রিয় মা–বোনকে ছেড়ে জীবন বাজি রেখে যাচ্ছেন যুদ্ধে, গেরিলা অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা, রক্ত হিম করা সেসব দিনে আমাদের জন্মই হয়নি, কিন্তু মনের মধ্যে ধারণ করা মুক্তিযুদ্ধ পর্দায় ফোটানোর প্রাণপণ চেষ্টা করে চলেছি সবাই। চোখ ভিজে ওঠে, গর্বে বুকটা ফুলে যায়।

শেষের কথা
প্রায় নির্ঘুম টানা তিন দিন দৃশ্যধারণের শেষে সম্পাদনার টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম। এডিটর জিতু বেশ ভালোভাবেই যুদ্ধটা শেষ করল। ১৯৭১ আর ২০১৮–এর ফুটেজ ফ্রেম বাই ফ্রেম মিলিয়ে ডাকল আমাকে। আরাফাত মহসিনের মিউজিক, সাউন্ড বক্সে সাউন্ড শেষ করে সবাই মিলে বসলাম প্রিভিউ করতে। পর্দায় যতবারই দেখছি মুক্তিযুদ্ধের চিত্রায়ণ, ততবারই ফিরে গেছি একাত্তরে। অদেখা সেই উত্তাল দিনগুলোর দৃশ্য বারবার আমাকে মনে করিয়ে দিয়েছে, কতটা কষ্ট, ত্যাগ আর প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা।
মুক্তিযুদ্ধের সব শহীদ ও বীরের প্রতি শ্রদ্ধা জানাই।
বিজয়ের শুভেচ্ছা।