মুক্তির ১৫ দিন পর ঢাকায় 'ম্যান অব স্টিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ম্যান অব স্টিল’ ছবির পোস্টার
‘ম্যান অব স্টিল’ ছবির পোস্টার

মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তির মাত্র ১৫ দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সুপারম্যান সিরিজের নতুন ছবি ‘ম্যান অব স্টিল’। বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য সুযোগটি করে দিয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আজ শুক্রবার থ্রিডি প্রযুক্তিতে ‘ম্যান অব স্টিল’ ছবিটি মুক্তি পেয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় ছবিটির প্রিমিয়ার শোর আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

ধারণা করা হচ্ছে, ‘ম্যান অব স্টিল’ ছবির সুপারম্যান হবে এখন পর্যন্ত দর্শকদের দেখা সবচেয়ে শক্তিশালী সুপারম্যান। ক্রিপটন গ্রহে জন্ম নেওয়া শিশুটি একসময় বুঝতে পারে তার আছে অসাধারণ ক্ষমতা। তারুণ্যে সেই শিশুটিই নিজের উত্স খুঁজে বেড়ায়। জানতে চায়, কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাংবাদিক ক্লার্ক কেইন্টের বেশে সব অপশক্তি আর বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোই হয়ে ওঠে সুপারম্যানের লক্ষ্য—এটা অনেকেরই জানা। তাহলে ‘ম্যান অব স্টিল’-এ নতুন কী দেখবে দর্শক? 

সুপারম্যান সিরিজের বহু কাঙ্ক্ষিত ছবি ‘ম্যান অব স্টিল’ মুক্তির আগেই আলোড়ন তুলেছিল। ছবিটির মাধ্যমে এই প্রথম সুপারম্যান হিসেবে দর্শকের সামনে এসেছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল। তবে হলিউডে তিনি নতুন নন। ফ্রিদা পিন্টোর সঙ্গে ‘ইমমর্টালস’ ছবিতেও তাঁকে দেখা গেছে। সমালোচকদের মতে, এ যাবত্কালের সবচেয়ে আকর্ষণীয় সুপারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টায় আছেন হেনরি ক্যাভিল। এবার তাঁর পোশাকটাও নতুন। দর্শকদের সামনে এক নতুন সুপারম্যান স্যুটে হাজির হয়েছেন তিনি। ‘ম্যান অব স্টিল’ ছবিতে সুপারম্যানের বাবার চরিত্রে আছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। আর সুপারম্যানের প্রেমিকা লয়েস লেইনের চরিত্রে আছেন চারবার অস্কার মনোনীত অভিনেত্রী অ্যামি অ্যাডামস।

১৯৩৮ সালে ‘অ্যাকশন কমিকস-১’ নামের একটি বইয়ে প্রথম আবির্ভূত হয় সুপারম্যান চরিত্রটি। এরপর ধীরে ধীরে পত্রিকার পাতায়, নির্বাক চলচ্চিত্রে, কার্টুনে এবং বড়পর্দায় জনপ্রিয়তা পায় এই সুপার হিরো।