ছুটির দিনে গতকাল রাজধানী ঢাকা মুখর হয়ে উঠেছিল নানা সাংস্কৃতিক আয়োজনে। এ আয়োজনে যেমন ছিল কবিগুরুর তাসের দেশ, চিত্রাঙ্গদা, তেমনি ছিল জহির রায়হান স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী, গান ও নৃত্য। ভিড় ছিল সবখানেই।
উদীচীর জহির রায়হান স্মরণ
বাংলাপিডিয়ার তথ্যানুযায়ী, জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মবার্ষিকীতে উদীচী শিল্পীগোষ্ঠী ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ স্লোগান নিয়ে গতকাল আয়োজন করেছে দুই দিনের ‘জহির রায়হান চলচ্চিত্র উত্সব’।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমেদ। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির রায়হানের ছেলে অনল রায়হান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। উৎসবের শুরুতেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায়
মারা যাওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী পর্বে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন অতিথিরা। ছিল জহির রায়হানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নানা আলোচনা। সংক্ষিপ্ত উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে জহির রায়হান নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ‘রাজা যায় রাজা আসে, রানীরাও আসে যায়’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়।
দুপুর ১২টা থেকে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী। প্রথমে দেখানো হয় একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞের ওপর জহির রায়হান নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড। এরপর উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ প্রযোজিত এবং প্রদীপ ঘোষ রচিত ও নির্দেশিত প্রামাণ্যচিত্র ভাসানপানি প্রদর্শিত হয়। দেখানো হয় তৌকীর আহমেদের অজ্ঞাতনামা, কামার আহমাদ সাইমনের একটি সুতার জবানবন্দি ও তানভীর মোকাম্মেলের জীবনঢুলী।
আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠানমালা। আজ বেলা আড়াইটা পর্যন্ত পর্যায়ক্রমে প্রদর্শিত হবে সালেহ সোবহান অনীমের পুনরাবৃত্তি ও সাঈদ আহমেদের উপসংহার এবং জাহিদুর রহিমের মেঘমল্লার। চলচ্চিত্র প্রদর্শনী দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
সেলিমের শকুন্তলা নিয়ে বললেন সলিমুল্লাহ
১৯৭৭ সালে ফরিদপুরে আলাওল সাহিত্য পরিষদের অনুষ্ঠানে যাচ্ছিলেন সলিমুল্লাহ খান। সঙ্গে ছিলেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল। পথে যেতে লঞ্চে পরিচয় হয়েছিল সেলিম আল দীনের সঙ্গে। সেখানে দুজনের সারা পথ কাটে তর্কে-বিতর্কে, তারপর বন্ধুত্ব। সেই এক দিনই কথা তাঁর সঙ্গে। এবার ৬৮তম জন্মবার্ষিকীতে সেলিম আল দীনের লেখা শকুন্তলা নাটক নিয়ে বললেন সলিমুল্লাহ খান।
তাঁর ভাষায়, ‘সেলিম আল দীনের শকুন্তলা যখন আমি পড়লাম, তখন দেখলাম যে কালিদাসের শকুন্তলার সঙ্গে এর আদ্যোপান্ত কোনো মিল নেই। এইটা সেলিমের শকুন্তলার প্রথম বৈশিষ্ট্য। দুই খণ্ডে তিনি লিখেছেন। প্রথম খণ্ডের নাম দিয়েছেন ষড়যন্ত্র খণ্ড, দ্বিতীয়টা হলো শকুন্তলা খণ্ড।’
সেলিম আল দীনের কথা বলতে গিয়ে তিনি ঘুরে এলেন কালিদাস থেকেও। সলিমুল্লাহ খান বলেন, ‘এখন সেলিম আল দীনের কথা আলোচনা করতে গেলে কালিদাসের নাম নিতে হয়, কালিদাসের কথা বলতে গেলে আমাকে একটু রবীন্দ্রনাথ ঠাকুরের নামও নিতে হবে।’ সেলিম আল দীনের শকুন্তলা আলোচনা করতে গিয়ে নারী ও পুরুষের সম্পর্কের দিকগুলোও তুলে আনেন বক্তা। বললেন সেলিম আল দীনের নিজের নামকরণ নিয়েও।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বিকেল চারটায় অনুষ্ঠিত হয় এ সেমিনার। সেলিম আল দীন উৎসব পর্ষদের আয়োজনে ছয় দিনব্যাপী উৎসবের গতকাল ছিল প্রথম দিন। আলোচনার আগে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। আলোচনা করেন অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক লুৎফর রহমান, সোহেল হাসান গালিব প্রমুখ।
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’
স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৭ ’। গতকাল উদ্বোধনী আয়োজন ছিল স্টুডিও থিয়েটার হলে। উদ্বোধন অনুষ্ঠানের পর মঞ্চায়িত হয় স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা।
জাতীয় নাট্যশালায় তাসের দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে পরিবেশিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য তাসের দেশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস যৌথভাবে আয়োজন করেছে।
অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও নৃত্যনাট্য তাসের দেশ এর পরিচালক এ্যানি ফেরদৌস।
এই নৃত্যনাট্যের মূল পরিকল্পনা, নৃত্য পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন এ্যানি ফেরদৌস। নৃত্যনাট্য তাসের দেশের মানুষের কঠিন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে মুখোশ। এই মুখোশ তৈরি করেছেন আমেরিকান শিল্পী জিল রাইনিয়ার। এর সংগীতায়োজন ও রেকর্ডিং করেছেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত পরিচালক নাদিম আহমেদ। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস এবং নিউইয়র্কের কিছু তরুণ শিল্পী।
মনন-এর শিল্প নিয়ে বক্তৃতা
শিল্প তৈরি করতে হলে বাজারব্যবস্থাও মাথায় রাখতে হয়। ভোক্তার চাওয়া বোঝা বিপণনের গুরুত্বপূর্ণ একটি দিক। মনন এর আয়োজনে ‘শিল্পের বিপণন: বিপণনের শিল্প’বিষয়ক একাডেমিক বক্তৃতায় এমন কথা উঠে আসে। আলোচনায় বিপণন তাত্ত্বিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বক্তব্য দেন।
গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।